আগাম জামিন চেয়ে হাইকোর্টে সাংসদ আমানুরের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাই পৌর মেয়র সহিদুর রহমান খান। আজ সোমবার তাঁদের আবেদনের বিষয়ে আদেশ দেবেন আদালত।
বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে গতকাল রোববার এ আবেদনের শুনানি হয়। আমানুর ও তাঁর ভাইয়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। শুনানির সময় আমানুর ও সহিদুর আদালতে উপস্থিত ছিলেন।
শুনানিতে রফিক-উল হক বলেন, সাংসদ বা মেয়র কেউ এ মামলার এজাহারভুক্ত আসামি নন। পুলিশ তাঁদের এ ঘটনায় সন্দেহ করছে। গ্রেপ্তারের আশঙ্কা থেকে তাঁরা জামিন চেয়ে আবেদন করেছেন।
জামিনের বিরোধিতা করে বশির উল্লাহ বলেন, আগাম জামিনের বিষয়ে আপিল বিভাগের স্পষ্ট নির্দেশনা আছে যে গুরুতর অপরাধের ক্ষেত্রে আসামিদের জামিন দেওয়া যাবে না।
পরে বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমানুর ও তাঁর ভাইয়ের আগাম জামিনের বিষয়ে আদালত সোমবার আদেশ দেবেন। আদালত বলেছেন, আদেশের আগ পর্যন্ত তাঁদের যেন পুলিশ গ্রেপ্তার না করে।’
২০১৩ সালে টাঙ্গাইলের প্রবীণ আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে ওই হত্যাকাণ্ডে আমানুর রহমান ও তাঁর তিন ভাই সহিদুর রহমান, জাহিদুর রহমান খান ও সানিয়াত খানের নাম আসে।