আগাম জামিন পেলেন অসীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলায় বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীমের চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 
আজ রোববার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ অসীমের করা আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
ধানমন্ডির ২ নম্বর এলাকায় গাড়ি ভাঙচুরে নির্দেশ দেওয়ার অভিযোগে ১ অক্টোবর ধানমন্ডি থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
এই মামলার পরিপ্রেক্ষিতে আজ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান অসীম। আদালতে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন।