আগাম জামিন পেলেন আফসান চৌধুরী
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও কলামিস্ট আফসান চৌধুরী চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁর জামিন আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেন।
আদালতে আফসান চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।
পরে মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট আফসান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এরপর তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। আগাম জামিনের আবেদনটি নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।
আইনজীবী সূত্র বলেছে, ফেসবুকে করা মন্তব্য ধরে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আফসান চৌধুরী বিরুদ্ধে ৫ জুন গুলশান থানায় মামলাটি করেন সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। এ মামলায় আজ হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চান আফসান চৌধুরী।