আগাম জামিন পেলেন আব্বাস, গয়েশ্বর, আমানউল্লাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। রামপুরা থানায় করা একটি মামলায় তাঁরা জামিনের এ আবেদন করেছিলেন।
আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
গত ২৯ ডিসেম্বর রাজধানী ঢাকাকে অবরুদ্ধ করে ১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ছিল। সেদিন রাজধানীর মালিবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবিরের কর্মী মুনসুর প্রধানিয়া নিহত হন। সেই ঘটনায় করা মামলায় আজ বিএনপির এই তিন নেতা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করেন।
তাঁদের পক্ষের আইনজীবীরা ছিলেন জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও সগীর হোসেন।