আগাম জামিন পেলেন এ কে খন্দকার
মানহানির মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক এ কে খন্দকার।
বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে এ কে খন্দকারের পক্ষে শুনানি করেন আইনজীবী সুব্রত চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মুনিরুজ্জামান। সুব্রত চৌধুরী বলেন, শুনানি শেষে আদালত এ কে খন্দকারের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন। এ সময় তিনি আদালতে ছিলেন।
এ কে খন্দকারের লেখা ১৯৭১: ভেতরে বাইরে বইয়ে বঙ্গবন্ধু ও মুজিব বাহিনী নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর গ্রামের এম এ ইসহাক ভূঁইয়া নামের এক ব্যক্তি গত বছরের ১০ সেপ্টেম্বর লেখকের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এরপর গত ১৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত এ কে খন্দকারের বিরুদ্ধে সমন জারি করে ২৫ জুন আদালতে হাজিরের নির্দেশ দেন। ১১ জুন এ কে খন্দকার ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম মনিরা সুলতানার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত প্রথমে বাদীপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন। এরপর এ কে খন্দকারের আইনজীবীরা বক্তব্য উপস্থাপন করতে গেলে বাদীপক্ষের আইনজীবীরা এজলাসের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের দলীয় স্লোগান দেন। তখন পরে আদেশ দেবেন বলে এজলাস ত্যাগ করেন বিচারক। দুপুরে খাসকামরা থেকে তিনি আদেশ পাঠান, এ কে খন্দকারকে নির্ধারিত তারিখ অনুযায়ী ২৫ জুন আদালতে হাজির হতে হবে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এ কে খন্দকার হাইকোর্টে যান এবং গতকাল সেখান থেকে আগাম জামিন পান।