জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাঁর করা আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতে আবদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ আগস্ট সাংসদ আবদুর রহমানের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জ্ঞাত-আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম দামি সম্পদকে বেশি দাম (এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা) দেখানোর অভিযোগে মামলাটি করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুস সোবহান।