আগাম জামিন পেলেন শওকত ও মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এবং তিন মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন আগাম জামিন পেয়েছেন।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন চেয়ে তাঁদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেন। আজ আদালতে হাজির হয়ে তাঁরা আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করেন।

আইনজীবীরা বলেছেন, গত ৩০ জানুয়ারি শাহবাগ থানায় দুটি ও রমনা থানায় করা এক মামলায় মাহবুব উদ্দিন খোকনকে পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত সময়ের জন্য আগাম জামিন দেওয়া হয়েছে। এর মধ্যে রমনা থানার মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। মাহবুব উদ্দিন খোকনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ ও সানজীদ সিদ্দিকী।

গত ৩০ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর হাইকোর্টের ঈদগাহ ফটক অতিক্রম করার সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। মিছিল থেকে হামলা চালিয়ে ভাঙচুর, সরকারি কাজে বাধা, অস্ত্র লুটের চেষ্টা এবং প্রিজন ভ্যানের তালা ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ওই দিন শাহবাগ থানায় ও রমনা থানায় পৃথক তিনটি মামলা করে পুলিশ।