আগাম জামিন প্রসঙ্গে বিপরীত বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগাম জামিন নিয়ে দুই ধরনের বক্তব্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল (এজি) মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। এ নিয়ে হাইকোর্টের বিচারপতিদের কাছে প্রধান বিচারপতির চিঠি পাঠানোর বিষয়েও তাঁরা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে গতকাল রোববার দুপুরে সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সম্প্রতি আপিল বিভাগের একটি রায়ে বলা হয়েছে, আগাম জামিনের ক্ষেত্রে হাইকোর্ট নির্দেশনা দিতে পারবে না। প্রধান বিচারপতি এ রায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে হাইকোর্টের বিচারপতিদের চিঠি দিয়েছেন। এখন একটি বেঞ্চ ছাড়া অন্য বেঞ্চ আগাম জামিনের আবেদন গ্রহণ করছে না। এটা আইনের পরিপন্থী। চিঠি পাঠানো হাইকোর্টের প্রতি অবমাননা।’বেলা আড়াইটার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘বিচার বিভাগ সম্পর্কে খন্দকার মাহবুব হোসেনের বক্তব্য আদালতের ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াস। আমার জানামতে, প্রধান বিচারপতির পক্ষ থেকে কোনো বিচারককে আগাম জামিনের বিষয়ে চিঠি পাঠানো হয়নি। আগাম জামিন কেন বন্ধ হবে? আগাম জামিনের বিষয়টি নির্ভর করে বিচারপতিদের নিজেদের সিদ্ধান্তের ওপর।’সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, আগাম জামিনের বিষয়টি বিচারপ্রার্থীদের আইনগত অধিকার। অযথা হয়রানি রোধে তাঁরা আগাম জামিন পেতে পারেন। জামিন দেওয়া হবে কি না, এটা বিবেচনার এখতিয়ার আদালতের।