আগাম টাকা নিতে খালি বাক্স সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসান এন্টারপ্রাইজ অর্থবছর শেষ হওয়ার আগে ৯৯ লাখ টাকা তুলে নেওয়ার জন্য জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালে অটোক্লেভ যন্ত্রের খালি বাক্স সরবরাহ করেছিল। অভিযোগ উঠেছে, বাক্স সরবরাহকারী প্রতিষ্ঠান ও হাসপাতালের একটি চক্র মিলে এ প্রতারণা করেছে। হাসান এন্টারপ্রাইজ গত ২৯ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে একটি ফ্যাক্স পাঠিয়ে বলেছে, বিদেশ থেকে যন্ত্রটি আসতে আরও কিছুদিন সময় লাগবে। এ কারণে তারা যন্ত্রের একটি নকল বাক্স সরবরাহ করেছে। যত শিগগির সম্ভব তারা মূল যন্ত্র সরবরাহ করবে।

গতকাল রোববার মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, তিনি রাস্তায়। পরে ফোন করবেন। কিন্তু আর ফোন করেননি। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি লাইন কেটে দেন।

হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সূত্র বলছে, অর্থবছর শেষ হওয়ার সময় অনেক প্রতিষ্ঠান যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ না করেই জাল কাগজপত্র জমা দিয়ে টাকা তুলে নেয়। হাসান এন্টারপ্রাইজের যন্ত্র দেশে আসতে এখনো অনেক দেরি আছে। যন্ত্র আসার পর বিল জমা দেওয়ার আগেই ২০১২-১৩ অর্থবছর শেষ হবে। তখন যন্ত্র ও বিল জমা দিয়ে কোনো লাভ হবে না। তবে এ রকম ঘটনা আরও আছে বলে একাধিক কর্মকর্তা বলেছেন।

হাসান এন্টারপ্রাইজ ২৬ জুন সন্ধ্যায় হূদেরাগ চিকিৎসার বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসা যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার অটোক্লেভ যন্ত্রের বিশাল বাক্স সরবরাহ করে। সঙ্গে চালান ও অন্যান্য কাগজপত্র দিয়ে যায়। ২৭ জুন হাসপাতালের সার্ভে কমিটি বাক্স খুলে দেখে, ভেতরে কোনো যন্ত্র নেই।

হাসপাতালের পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল শাফী মজুমদার ২৭ জুন স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে খালি বাক্সের বিষয়টি জানান। পাশাপাশি শেরেবাংলা নগর থানায় প্রতারণার অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ছাড়া পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন তিনি।

গতকাল হাসপাতালে গিয়ে জানা যায়, তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এদিকে হাসপাতালের পরিচালক স্টোরকিপার সিরাজুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। সিরাজুল ইসলাম ২৬ জুন সন্ধ্যায় সরবরাহকারী প্রতিষ্ঠানের লোকজনের কাছ থেকে বাক্সটি বুঝে নেন।