অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগে এমভি কুয়াকাটা-১ লঞ্চটির চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে আগাম টিকিট কাটা কয়েক শ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
লঞ্চ কর্তৃপক্ষ জানায়, লঞ্চটিতে ১২১টি কেবিন রয়েছে। এর মধ্যে ৩৯টি ডাবল, চারটি ভিআইপি ও ৭৮টি সিঙ্গেল কেবিন। ১৬ অক্টোবর পর্যন্ত পটুয়াখালী ও বগা থেকে ঢাকাগামী সব কেবিনের আগাম টিকিট বিক্রি করা হয়েছিল।
গণপূর্ত অধিদপ্তরের (ঢাকা) প্রকৌশলী মো. জুয়েল বলেন, ‘কোরবানির ঈদ করতে স্ত্রী-সন্তান নিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার গ্রামের বাড়িতে এসেছি। আগামীকাল (রোববার) কুয়াকাটা লঞ্চযোগে ঢাকা যাওয়ার জন্য আগাম টিকিট নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে এ লঞ্চটি চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় মহাবিপদে পড়েছি। এখন অন্য কোনো লঞ্চে কেবিনও পাচ্ছি না।’
উপজেলার বগা গ্রামের স্কুলশিক্ষক মাসুদুর রহমান বলেন, ‘সোমবারে ঢাকায় পৌঁছাতে হবে। তাই রোববার (আজ) ঢাকা যাওয়ার জন্য কুয়াকাটা লঞ্চের আগাম টিকিট নিয়ে স্বস্তিতেই ছিলাম। যখন শুনলাম লঞ্চটির চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তখন থেকে দুশ্চিন্তায় আছি। কীভাবে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় যাব। এ রকম দুশ্চিন্তায় আছেন কয়েক শ যাত্রী।’
পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক এবং বন্দর ও পরিবহন কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, নির্দেশ অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে ১১ অক্টোবর থেকে এমভি কুযাকাটা-১ লঞ্চটির চলাচলের অনুমতি বাতিল ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় লঞ্চটির দুই চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।