আগাম টিকিট শেষ, বাড়ি যাওয়া অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানী থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলে যাবে কয়েক লাখ মানুষ। জলপথই তাদের মূল ভরসা। কিন্তু ঈদের ১৫ দিন আগেই ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের আগাম টিকিট শেষ হয়ে যাওয়ায় দুর্ভাবনায় পড়েছে অসংখ্য মানুষ।অনেকের অভিযোগ, এ যাত্রাপথে লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। এর পরও যাত্রীরা লঞ্চমালিকদের কাছে একরকম জিম্মি হয়ে পড়েছে। নিয়মিত চলাচলকারী অনেক যাত্রীর অভিযোগ, বহু টিকিট কালোবাজারে চলে গেছে। অতিরিক্ত ভাড়া আদায় না করার সরকারি নির্দেশও মানা হয়নি। ঢাকা-বরিশাল নৌপথে বছরের অন্যান্য সময় ভাড়া নেওয়া হয় তৃতীয় শ্রেণী ১০০-১৫০ টাকা ও কেবিন সিঙ্গেল ৬০০ এবং ডাবল ১১০০ টাকা। এ বছর ঈদ সামনে রেখে মালিক সমিতি প্রথম শ্রেণীর এক সিটের ভাড়া ৮০০ টাকা, ডাবল কেবিন ১৫০০ টাকা, সোফা ৫০০ টাকা এবং তৃতীয় শ্রেণীর ভাড়া ২০০ টাকা নির্ধারণ করেছে।যাত্রীদের অভিযোগ, লঞ্চমালিকেরা সরকারি ভাড়ার অজুহাত দেখিয়েই যাত্রীদের জিম্মি করে রেখেছেন। বরিশাল নাগরিক সমাজের সদস্য-সচিব লঞ্চযাত্রী মিজানুর রহমান বলেন, ‘তারা সিন্ডিকেট করে ঈদের সময় যাত্রীদের জিম্মি করে রাখে। একদিকে ভাড়া বেশি, এর ওপর ঈদের ১৫-২০ দিন আগেই সব টিকিট লাপাত্তা।’লঞ্চ রোটেশনের বিরুদ্ধে রিটকারী আনোয়ারুল হক বলেন, ‘বেশি মুনাফার জন্য লঞ্চমালিকেরা ঈদের কয়েক দিন আগে রোটেশন তুলে দেন। আমরা চাই সারা বছরই রোটেশন তুলে দেওয়া হোক। এবার নৌযানের সংখ্যা কম। তাই লাখো মানুষকে ঝুঁকি নিয়েই বাড়ি যেতে হবে।’ঢাকা-বরিশালের লঞ্চযাত্রী ও বরিশাল উদীচীর সাধারণ সম্পাদক সুনন্দ বাসার অভিযোগ করেন, এক মাস আগে যোগাযোগ করেও কেবিন পাওয়া যায়নি। বরিশালের প্রধান তিনটি লঞ্চ সুরভী, সুন্দরবন ও পারাবতের মালিক সূত্র বলেছে, ঢাকা-বরিশাল সরাসরি পথে ঈদের সময় আটটি লঞ্চ চলাচল করবে। ঈদের ১৫ দিন আগেই এসব লঞ্চের সব টিকিট বিক্রি হয়ে গেছে।সুরভী লঞ্চের মুখপাত্র পলাশ মজুমদার বলেন, ‘মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে। ওই ভাড়া সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে কম।’ নৌমন্ত্রী শাজাহান খান ১২ আগস্ট বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে প্রথম আলোকে বলেন, রোটেশন প্রথা বাতিল নয়, যাত্রীদের সুবিধার দিক বিবেচনায় নিয়ে নৌযান চলাচলের বিষয়ে জোর দেওয়া হয়েছে। লঞ্চমালিকেরা যাতে বেশি ভাড়া আদায় করতে না পারেন, এ বিষয়ে তদারক করা হবে।যাত্রীদের অভিযোগের ব্যাপারে কথা বলতে লঞ্চমালিকদের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিআইডব্লিউটিসি বরিশালের সহকারী মহাব্যবস্থাপক গোপাল কৃষ্ণ মজুমদার বলেন, স্পেশাল সার্ভিসের বিষয়ে শুক্রবার পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে যাত্রীর চাপ সামাল দিতে বিআইডব্লিউটিসির স্পেশাল স্টিমার সার্ভিস চালু থাকবে।বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর ও পরিবহন কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজ বলেন, এ বছর একটু চাপ বেশি থাকবে। তবে সরকারিভাবে গত বছরের চেয়ে বেশি নৌযান দেওয়ার ব্যাপারে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া স্টিমার সার্ভিসের ভাড়া বাড়ানো হবে না। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী বোঝাই করে কোনো নৌযান ছাড়ার অনুমতিও দেওয়া হবে না।