আক্তার মিয়ার বাড়ি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায়। দুই বছর ধরে তিনি সিলেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। মাস তিনেক আগে তাঁর এক ছেলেসন্তান জন্ম নিয়েছে। বাড়ি না যাওয়ার কারণে সদ্যোজাত ছেলের মুখ এখনো দেখতে পারেননি।এরই মধ্যে ঈদের বোনাস হাতে পেয়ে ছেলের জন্য জামা-কাপড়, খেলনা কিনেছেন। কিন্তু গত দুদিন দৌড়ঝাঁপ করেও তিনি বাড়ি যাওয়ার জন্য রেলের কোনো টিকিট সংগ্রহ করতে পারেননি। অনেকটা অসহায় হয়ে রেল কর্মকর্তাদের দ্বারে দ্বারে গিয়ে একটি টিকিটের জন্য আর্তি প্রকাশ করেছেন। তবুও মেলেনি সেই কাঙ্ক্ষিত টিকিট।সকাল থেকে দৌড়ঝাঁপ করে অনেকটা ক্লান্ত-বিমর্ষ হয়ে দুপুরের দিকে ফ্ল্যাটফর্মের বারান্দার রাখা চেয়ারে বসেন। গতকাল বুধবার বেলা একটার দৃশ্য এটি। এ সময় আলাপ হয় আক্তার মিয়ার সঙ্গে। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এভাবেই—‘গত কয়েক দিন দৌড়ঝাঁপ করেই টিকিট পাইনি। এ কোন দুরবস্থায় পড়লাম? মনে হচ্ছে টিকিট আর পাবই না। অনেক আশা নিয়ে বসেছিলাম, এই ঈদে ছেলেটার মুখ দেখব! আমার এই আশা পূরণ হবে কি না, আল্লাহই ভালো জানেন!’আক্তার মিয়ার সঙ্গে আলাপ চলাকালেই পাশে বসে থাকা আরও কয়েকজন যাত্রী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। রেলের টিকিট না পেয়ে হাজারো যাত্রীর বাড়ি ফেরার অনিশ্চয়তার দোলাচলে এখন সময় কাটছে বলে তাঁরা জানিয়েছেন। সবার অভিন্ন ভাষ্য, ‘কিছুদিন ধরেই শুনছি টিকিট নাই, টিকিট নাই। টিকিট যদি না থাকে, তাহলে রেললাইন থাকার দরকারটা কি? প্রতিবছর ঈদের আগে এ এক মহাঝামেলা। সরকার কি দেখেও দেখে না?’যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করেছেন রেলের কর্মকর্তারাও। তাঁরা জানিয়েছেন, পর্যাপ্ত টিকিটের অভাবে প্রচুরসংখ্যক যাত্রী টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। সিলেট রেলস্টেশনের কম্পিউটার ফিল্ড ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম জানান, ঈদের মৌসুমে অন্যান্য সময়ের তুলনায় যাত্রীদের চাপ বেশি থাকে। আসন-সংকটের কারণে এখন প্রতিদিন দুই হাজারেরও বেশি যাত্রী টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিলেট রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের ভিড়। কিন্তু টিকিট না পেয়ে বহুসংখ্যক যাত্রী বিমর্ষ মুখে ফিরে যাচ্ছেন। কিছু কিছু বিক্ষুব্ধ যাত্রী টিকিট না পেয়ে রেল কর্মকর্তাদের সঙ্গে বাগিবতণ্ডা করছেন। যাত্রী ও রেল কর্মকর্তারা জানিয়েছেন, ২৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামগামী সব টিকিট এরই মধ্যে শেষ হয়ে গেছে।শাহীনা আক্তার নামের ঢাকাগামী এক যাত্রী বলেন, ‘সড়ক-মহাসড়কের বেহাল অবস্থা এবং ঘন ঘন সড়ক দুর্ঘটনার জন্য আতঙ্কিত যাত্রীরা রেলপথে চলাচল করতে চাচ্ছেন। ফলে রেলের টিকিট কেনার জন্য অনেকেই ভিড় করছেন। কিন্তু টিকিট তো একটাও পাওয়া যাচ্ছে না। এখন বাড়ি যাওয়াটাই অনিশ্চিত হয়ে পড়েছে।’রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে বাড়তি ট্রেন পরিচালনায় আজ বৃহস্পতিবার থেকে প্রতিটি ট্রেনে একটি নতুন বগি সংযুক্ত হবে। তবে এই বগিতে মাত্র ১৮টি সিট রয়েছে। এসব সিটের মধ্যে মাত্র ছয়টি সিট যাত্রীরা রেলের কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। বাকিগুলো মুঠোফোন কোম্পানি বাংলালিংকের গ্রাহকেরা খুদেবার্তার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।সিলেটের স্টেশন ম্যানেজার সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঈদ সামনে রেখে ১০ দিন আগে থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছিল। বরাদ্দকৃত আসনগুলোর অধিকাংশই শেষ হয়ে গেছে। যাত্রীরা টিকিট না পেয়ে সমস্যায় পড়ছেন ঠিক, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই। কারণ টিকিট ও ট্রেনের অপ্রতুলতার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদের পক্ষে যাত্রীদের টিকিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’