আগাম তরমুজে কৃষকের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর গাঙচিল এলাকার একটি তরমুজখেত। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর গাঙচিল এলাকার একটি তরমুজখেত। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

আগাম তরমুজ চাষে হাসি ফুটেছে নোয়াখালীর সুবর্ণচরের চর গাঙচিল ও কোম্পানীগঞ্জের চর তোরাব আলীর কৃষকের মুখে। দূরদূরান্ত থেকে ব্যাপারীরা এসে খেত থেকেই কিনে নিচ্ছেন চাষিদের তরমুজ। দামও ভালো পাচ্ছেন কৃষকেরা।
গত মঙ্গলবার কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের চর গাঙচিল ও সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী এলাকা ঘুরে দেখা যায়, আগাম তরমুজ তুলে বিক্রিতে ব্যস্ত কৃষকেরা। ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা কাভার্ড ভ্যান নিয়ে এসেছেন তরমুজ নিতে। খেতে গিয়ে দরদাম করে কৃষকদের কাছ থেকে তরমুজ কিনছেন তাঁরা।
চর গাঙচিলে তরমুজখেতে কথা হয় চাষি শেখ ফরিদের সঙ্গে। তিনি বলেন, তাঁর গ্রামের বাড়ি সুবর্ণচরের চর ক্লার্ক ইউনিয়নের কেরামতপুরে। তিনি দুই বছর ধরে তরমুজ চাষ করছেন। এবারই প্রথম চর গাঙচিলে তরমুজ চাষ করেছেন। প্রথমবারেই বেশ ভালো ফলন পেয়েছেন। ৯০ শতাংশ জমিতে তরমুজ চাষ করতে তাঁর খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। তরমুজ বিক্রি করেছেন ১ লাখ ৭০ হাজার টাকার।
চর তোরাব আলীর কৃষক ফয়েজ আহম্মদ বলেন, তিনি প্রায় আড়াই শ শতক জমিতে আগাম তরমুজ চাষ করেছেন। এতে খরচ হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকার মতো। প্রতি ১০০ তরমুজ ৫ হাজার টাকা করে বিক্রির চুক্তি হয়েছে ব্যাপারীর সঙ্গে। সে হিসাবে প্রায় সাড়ে ৩ লাখ টাকার তরমুজ বিক্রি হবে। তিনি জানান, এখানে মূল ভূখণ্ডের জমির তুলনায় ফলন ভালো হয়েছে। তরমুজগুলো আকারেও বড়। তাই দামও ভালো পাওয়া যাচ্ছে।
কক্সবাজার থেকে তরমুজ কিনতে আসা ব্যাপারী আহম্মদ কবির বলেন, তিনি ১৫ বছর ধরে তরমুজের ব্যবসা করছেন। সুবর্ণচর থেকে কয়েক বছর ধরে তরমুজ কিনে নিয়ে বিভিন্ন মোকামে বিক্রি করেন।
জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ বছর প্রথমবারের মতো কোম্পানীগঞ্জের চর গাঙচিলে তরমুজ চাষ হয়েছে প্রায় ৭৫ হেক্টর জমিতে। আর সুবর্ণচর উপজেলায় চাষ হয়েছে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে। সাম্প্রতিক বৃষ্টিতে কিছু খেতের তরমুজ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সার্বিকভাবে ফলনে তেমন প্রভাব পড়বে না। যাঁরা আগাম তরমুজ চাষ করেছেন তাঁরা ফলনে ও দামে খুবই লাভবান হয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রণব ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সুবর্ণচরে আগে থেকে তরমুজ চাষ হয়ে আসছে। প্রতিবছর তরমুজচাষির সংখ্যা বাড়ছে। আর কোম্পানীগঞ্জের চর এলাকায় তরমুজ চাষে এবার কৃষকের মাঝে আগ্রহ দেখা গেছে। যাঁরা আগাম তরমুজ চাষ করেছেন, তাঁরা এরই মধ্যে বিক্রি শুরু করেছেন। দামও পাচ্ছেন ভালো।