আগাম ধানে কৃষকের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে রোদ। আর তাতে ঝিকিয়ে উঠছে হলুদ ধানের শিষ। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান ওঠার সময় হলেও ঠাকুরগাঁওয়ে এখন আগাম হচ্ছে আমন ধানের আবাদ। ফসলের খেতে তাই চলছে ধান কাটার উৎসব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে এক লাখ ২০ হাজার ৯৯৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু আমন আবাদ হয়েছে এক লাখ ৩১ হাজার ৬০০ হেক্টর জমিতে। আগাম জাতের মধ্যে বিনা-৭ আট হাজার ৭২০ হেক্টর, ব্রি-৩৩ ২২৫ হেক্টর ও নেরিকা নিউ টেন জাতের ধান ১২৮ হেক্টর জমিতে আবাদ হয়েছে। যা কৃষকেরা এখন ঘরে তুলছেন।
গত সোমবার সদর উপজেলার গৌরীপুর, দৌলতপুর, জগন্নাথপুর ও উনত্রিশ মাইল এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকেরা পাকা ধান কাটায় মগ্ন। কেউ কেউ আঁটি বাঁধছেন। কেউ আবার মাথায় করে ধানের আঁটি বাড়ি নিয়ে যাচ্ছেন।
উনত্রিশ মাইল এলাকার কৃষক আইনুল হক বলেন, ‘এবার ধান ভালো অইছে। এখন কেমন করিয়া পাকা ধান ঘরে তুলিমো, তা নিয়া ব্যস্ত সবাই।’ সদর উপজেলার দৌলতপুর গ্রামের কৃষক সামছুল আলম বলেন, এ সময় গ্রামে কৃষিশ্রমিক কিছুটা সস্তায় পাওয়া যায়। তা ছাড়া এ সময় কাঁচা খড়ের দামও ভালো পাওয়া যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক ভূপেশ কুমার মণ্ডল বলেন, সাধারণত আশ্বিন-কার্তিক মাসে এ অঞ্চলের কৃষকের হাতে তেমন কাজ থাকত না। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ব্রি-৩৩ ও বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) বিনা-৭ নামে স্বল্পমেয়ািদ জাত উদ্ভাবন করেছে। এসব জাতের ধানের জীবনকাল ১০৫ থেকে ১১০ দিন। যেখানে অন্য সব জাতের ধানের জীবনকাল ১৪০ থেকে ১৫০ দিন।