আগাম নির্বাচনী প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও রংপুর সিটি করপোরেশনের আগাম নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। সম্ভাব্য মেয়র প্রার্থীরা ইতিমধ্যে গণসংযোগে নেমে পড়েছেন। বাড়ি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে ঘুরছেন তাঁরা। নগরবাসীর দোয়া চেয়ে কেউ প্রচারপত্র বিলি করছেন। আবার কারও পক্ষে পোস্টার সাঁটা হয়েছে।

২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরেই মেয়াদ শেষ হচ্ছে। এ কারণে আগাম প্রচারণায় অনেকেই গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন বলে সম্ভাব্য প্রার্থীরা জানিয়েছেন।

ইতিমধ্যে দলগতভাবে জাতীয় পার্টির পক্ষ থেকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে মেয়র প্রার্থী ঘোষণা করা না হলেও এই দুই দলের সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ ও দোয়া চেয়ে নগরবাসীর কাছে ঘুরছেন।

জাতীয় পার্টির মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ইতিমধ্যে দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁকে (মোস্তাফিজার) রংপুরের এক সমাবেশ থেকে প্রার্থী ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে এরশাদ নিজেও কয়েকটি কর্মিসভায় প্রার্থী হিসেবে তাঁকে পরিচয় করিয়ে দিয়েছেন।

এদিকে দলীয় চেয়ারম্যান এরশাদের সিদ্ধান্তকে উপেক্ষা করে তাঁরই (এরশাদ) ভাতিজা ও সাবেক সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার আসিফ গত সপ্তাহে কেরামত আলীর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি বলেছেন, ‘দলীয় মনোনয়ন না পেলেও আমার গণতান্ত্রিক অধিকার আছে। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। আমার প্রতি অনেক অন্যায় করা হয়েছে। তাই সামনের সিটি নির্বাচনে আগাম মাঠে নামতে বাধ্য হয়েছি।’

এদিকে রংপুর পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির শহর কমিটির সাবেক সভাপতি আব্দুর রউফ মানিকও নির্বাচনী প্রচারণায় নেমে বলেছেন, ‘নির্বাচন করব বলেই আপাতত নাগরিক কমিটির পক্ষ হয়ে প্রচারণা শুরু করেছি।’

আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন এমন নানা জল্পনাকল্পনা থাকলেও তিনজন সম্ভাব্য প্রার্থী নির্বাচনী প্রচারণায় নেমেছেন। তাঁদের মধ্যে বর্তমান সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সরফুদ্দীন আহমেদ পোস্টার ছাপিয়ে নগরবাসীর রূপকার দাবি করে বলেছেন, সুযোগ পেলে ভবিষ্যতে সুন্দর পরিবেশবান্ধব সিটি করপোরেশন উপহার দেবেন।

এদিকে দলীয় পরিচয় না দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমানের রঙিন প্রচারপত্র বিলি করে নগরবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি রংপুরের উন্নয়নে শরিক হতে চান।

অন্যদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ইতিমধ্যে গণসংযোগ শুরু করেছেন। তিনি বলেন, ‘এর আগের সিটি নির্বাচনে প্রার্থী ছিলাম। তাই এবার একটু আগাম শুরু করেছি।’

বিএনপির মহানগর কমিটির সাবেক সভাপতি কাওসার জামান নির্বাচনী প্রচারণায় নেমে বলেছেন, ‘এর আগে সিটি করপোরেশনের নির্বাচন করেছি। এবারও করব বলে গণসংযোগ শুরু করেছি।’ এ ছাড়া সাবেক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীনও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।