আগাম পানি আসায় আতঙ্কে কৃষক
উজান থেকে ঢলের পানিতে কিশোরগঞ্জের হাওরের বিস্তীর্ণ এলাকার নিচু জমিতে পানি এসে পড়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন হাওরের কৃষকেরা। গত দুই দিনে আকস্মিকভাবে হাওরের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নদী, খাল, বিল ও হাওরের নিচু জমিতে আগাম পানি এসে পড়েছে। এতে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন। তাঁরা স্বেচ্ছাশ্রমে বাঁধ তৈরি ও মেরামতে দিনরাত কাজ করছেন। একাধিক সূত্র জানায়, মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়ন, ঢাকি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে আগাম ঢলের পানি আসায় নিচু জমির ৫০ একরের বেশি তলিয়ে গেছে। ইটনা উপজেলার ওয়ারা, জয়সিদ্ধি, সহিলা, ধনপুর, ইটনার উত্তরের বন্দ, জিউলের খালের বাঁধ, পাঁচহাট বিচিলের বাঁধ ও শিমুলবাগ বড়চাপটা বিলের বাঁধ হুমকির মুখে। এসব এলাকার নিচু জমির দেড় শ একর বোরো জমির খেত পানিতে তলিয়ে গেছে।ইটনার কৃষক ফয়সাল ঠাকুর জানান, গত বছর আগাম বন্যায় আধা-পাকা বোরো ধান হারিয়ে হাওরের হাজার হাজার কৃষক ঘরবাড়ি, গরু বিক্রি করে দুই বেলা খাবারের ব্যবস্থা করেছেন। এবার ধান হারালে ভিক্ষাবৃত্তি ছাড়া উপায় থাকবে না। ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ঢলের পানি এসেছে। হাওরে কয়েক ফুট পানি বেড়ে গেছে। তবে বোরো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন সংবাদ তাঁর কাছে নেই।