ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এ ধরনের প্রচারণা নিরুৎসাহিত করতে কোনো উদ্যোগ নেই নির্বাচন কমিশনের (ইসি)। বরং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বললেন, উৎসবের আমেজ।গতকাল মঙ্গলবার ঢাকার দুই সিটির নির্বাচন-সম্পর্কিত ইসির বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, চারদিকে নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে। এটাই তো নির্বাচনের উৎসবের আমেজ।সিটি করপোরেশন নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সময় পর্যন্ত কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। তবে তফসিল ঘোষণার আগে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা সম্পর্কে আইনে কোনো কিছু বলা নেই। আইনি দুর্বলতার এই সুযোগ নিয়ে বর্তমানে ঢাকার দুই সিটির নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা ‘শুভেচ্ছা’ জানানো এবং ‘দোয়া’ চাওয়ার কৌশলে রঙিন পোস্টার ও ডিজিটাল ব্যানার ছাপিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।সাবেক সিইসি এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কুমিল্লা সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে এ ধরনের প্রচারণাকে অনৈতিক বলে আখ্যায়িত করেছিল।নির্বাচন-পূর্ববর্তী প্রচারণা এবং রঙিন পোস্টার সম্পর্কে সিইসি রকিব উদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী প্রার্থীরা প্রচারণার সময় পাবেন। তাঁরা মানুষের সেবা করার জন্য নির্বাচন করবেন। সুতরাং আশা করা যায়, প্রার্থীরা আইন মেনেই পোস্টার অপসারণ করবেন। সিইসি এই মন্তব্য এমন সময় করলেন, যখন দেয়াললিখন ও পোস্টার সাঁটানোর ওপর বিধিনিষেধ আরোপ করে সরকার আইন করেছে। সেনা মোতায়েনের প্রশ্ন কেন: নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, জানতে চাইলে রকিব উদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য আইন অনুযায়ী যা যা করার দরকার, তাই করা হবে। সেনা মোতায়েন করার কথা বারবার আসছে কেন? নির্বাচন সুষ্ঠু করার জন্য পুলিশ বাহিনীই যথেষ্ট। প্রার্থীরা কেউ সেনা মোতায়েনের দাবি করলেও তাঁদের কথায় আমরা প্ররোচিত হব না। প্রয়োজনে ভিডিও ক্যামেরা ব্যবহার করা হবে। ভোটাররা সবকিছু সরাসরি দেখতে পেলে কেউ পেশিশক্তি ব্যবহারের সাহস পাবে না।’সিইসি বলেন, আইনে নির্ধারিত সময় ২৯ মের মধ্যে ঢাকার দুই সিটির নির্বাচন হবে।