আগাম প্রচারণার পোস্টার ফেস্টুন সরানো হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আগাম প্রচারণার পোস্টার-ফেস্টুন নিজ দায়িত্বে সরিয়ে নেননি সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টার-ফেস্টুনসহ যাবতীয় প্রচারণাপত্র অপসারণের শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায়। এ সময় পার হওয়ার পরও নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে কিছু কিছু পোস্টার অপসারণের নামে ছেঁড়া অবস্থায় দেখা গেছে। আর গুরুত্বপূর্ণ স্থাপনায় ফেস্টুনগুলো আগের মতোই সাঁটানো রয়েছে। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিলেটসহ চার সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর ৫ মে নির্বাচন কমিশন থেকে সব প্রার্থীকে আগাম প্রচারণামূলক পোস্টার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণে নির্দেশনা জারি হয়। এসব ‘সম্ভাব্য প্রার্থীর নিজ দায়িত্বে অপসারণ’ করার কথা জানিয়ে নির্দেশনায় বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনবিধি ২০১০ অনুযায়ী, কোনো প্রার্থী আগাম নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। যদি কেউ এ রকম প্রচারণা চালান, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড কিংবা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের এ নির্দেশনা ৫ মে সন্ধ্যা ছয়টায় সিলেটে পৌঁছায় এবং ওই সময় থেকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয় সম্ভাব্য প্রার্থীদের তাঁদের প্রচারপত্র সরিয়ে নিতে।গতকাল সন্ধ্যার পরও সিলেট নগরের কেন্দ্রস্থলের মোড়সহ ২৭টি ওয়ার্ডের প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় প্রচারপত্র আগের অবস্থায় দেখা গেছে। সম্ভাব্য প্রার্থীদের সমর্থনে এলাকাবাসীর দোয়া ও আশীর্বাদ চেয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন সাঁটানো রয়েছে বাসা-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালেও। ওই সব প্রচারণা পর্যবেক্ষণে দেখা গেছে, সিটি করপোরেশনের বর্তমান মেয়র বদরউদ্দিন আহমদ কামরান থেকে শুরু করে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে প্রচারণায় মূলত ‘মেয়র পদে দেখতে চাই’সহ প্রভৃতি আহ্বানসংবলিত কথার সঙ্গে রঙিন ছবি সংযুক্ত। প্রচারে কোথাও ‘এলাকাবাসী’, আবার অনুগত কর্মীদের নাম রয়েছে। সিলেট নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইনের নামে বেশি ফেস্টুন-পোস্টার দেখা গেছে।এ বিষয়ে জানতে চাইলে নাসিম হোসাইন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার নামে যেসব পোস্টার-ফেস্টুন আছে, সেগুলো অপসারণ করার জন্য লোক লাগিয়েছি। আমি নিজেও পর্যবেক্ষণ করছি। যেগুলো এখনো সরানো হয়নি, আশা করি আজ রাতের (গতকাল) মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে।’ বেঁধে দেওয়া সময়ের মধ্যে পোস্টার-বিলবোর্ড অপসারণ না হওয়ার বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, আজ বুধবার সরেজমিনে দেখে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।