আগাম প্রার্থী ঘোষণা নিয়ে রাজশাহীতে বিএনপির দ্বন্দ্ব
বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে সংসদ নির্বাচনের আগাম প্রার্থী ঘোষণার অভিযোগ উঠেছে। এ নিয়ে রাজশাহীতে বিএনপির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। জেলা শাখা তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলেছে। এই মর্মে জেলা কমিটির নেওয়া একটি সিদ্ধান্ত গত মঙ্গলবার কেন্দ্রে পাঠানো হয়েছে।দলীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান এবং বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ও জেলা শাখার সভাপতি নাদিম মোস্তফা ১৯ বছরের বিরোধ ভুলে গত ১৫ জুনের সিটি করপোরেশন নির্বাচনে একসঙ্গে মাঠে নেমেছিলেন। কিন্তু ২৫ জুন নবনির্বাচিত মেয়রের সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনে এক নেতাকে প্রার্থী হিসেবে পরিচয় করে দেওয়া নিয়ে সেই পুরোনো বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে। জেলা শাখা সূত্রে জানা গেছে, ১ জুলাই বিকেলে বিএনপির জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক সভায় মিজানুর রহমানের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে গৃহীত সিদ্ধান্তের অনুলিপি ফ্যাক্স ও ই-মেইল করে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ২৫ জুন পবা উপজেলার দারুশাহাট চত্বরে কিছু দলছুট নেতাকে নিয়ে চেয়ারপারসনের পক্ষে জেলার সব নির্বাচনী এলাকার প্রার্থীর নাম ঘোষণা করেন মিজানুর রহমান। ওই সভায় পবা-মোহনপুর আসনে দলের প্রার্থী হিসেবে বিএনপির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হককে পরিচয় করিয়ে দেন। তাঁর এমন কর্মকাণ্ড দলীয় সংবিধানসহ শৃঙ্খলা পরিপন্থী, বেআইনি ও অযৌক্তিক।নাদিম মোস্তফা প্রথম আলোকে বলেন, প্রচার করা হয়েছে যে বিএনপির পবা উপজেলা শাখা ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আসলে তাঁকে না জানিয়ে এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের পবা উপজেলা শাখার অনুমোদিত কমিটির নেতা-কর্মীদের বাদ দিয়ে ওই অনুষ্ঠান করা হয়েছে। তিনি বলেন, মিজানুর রহমানের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। শুধু মিথ্যা কথা বলার কারণে তাঁর সঙ্গে ১৯ বছর ধরে তাঁর বিরোধ মিটছে না।জানতে চাইলে মিজানুর রহমান প্রার্থী ঘোষণার বিষয়টি অস্বীকার করে বলেন, পবা-মোহনপুরের জনগণ শফিকুল হককে প্রার্থী হিসেবে চাচ্ছেন। এটা জনগণের চাওয়া। সেই কারণে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। এটা স্থানীয় সিদ্ধান্ত। তিনি বলেন, বড় ভাই হিসেবে তাঁর দায়িত্ব ছোট ভাইদের রাজনীতিতে এগিয়ে নেওয়া। যেভাবে মোসাদ্দেক হোসেন মেয়র হয়েছেন। শফিকুল আন্দোলন-সংগ্রামে থাকেন। জেল খেটেছেন। তাঁর একটা জায়গা হবে। নাদিম মোস্তফাও বড় জায়গা পাবেন। পবার অনুষ্ঠান নিয়ে তাঁদের মধ্যে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর বিরুদ্ধে বিএনপির জেলা শাখা কেন্দ্রে অভিযোগ পাঠানো সম্পর্কে তিনি বলেন, ‘পাঠাক। যারা ফুটুর-ফুটুর করছে, তারা কি রাজশাহীর আন্দোলন-সংগ্রামে থাকে? এটা ম্যাডামও জানেন।’