আগাম বলে কদরও বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্র কিংবা বৈশাখের খরতাপে প্রচণ্ড গরমে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলাটা একটু ভিজিয়ে নিতে লাল এক টুকরো তরমুজে শ্রমিকের কামড়ের দৃশ্য গ্রামগঞ্জ থেকে নগর জীবনের সবখানে। ক্লান্ত দেহটা এলিয়ে দিয়ে কিংবা পথে যেতে যেতেই শ্রমিক কিংবা পথচারীর তরমুজের স্বাদ আস্বাদনের দৃশ্য বেশ চেনা। তাই বলে মৌসুম শুরু হওয়ার আগেই কনকনে মাঘের মধ্যভাগে তরমুজের আগমন! শুনে অবাক হতে পারেন। কিন্তু গ্রামবাংলার কৃষকদের কল্যাণে এটা এখন বাস্তব।কক্সবাজারের টেকনাফ উপজেলার হাটবাজার ভরে গেছে গ্রীষ্মের এই সুস্বাদু ফলে। কিছুদিন ধরে অল্পস্বল্প করে দেখা গেলেও এখন সেখানে রীতিমতো ভরা মৌসুমের মতো তরমুজের স্তূপ জমে গেছে।উপজেলার বাহারছড়া ইউনিয়নের তরমুজ চাষি আলী আহমদ (৩৮) জানান, দেশের অন্যান্য স্থানের তুলনায় এক-দুই মাস আগে টেকনাফের চাষিরা তরমুজ চাষে নামেন। ‘আগাম চাষ করে বাড়তি কিছু লাভ করাই আমাদের লক্ষ্য’—বললেন চাষি আহমদ। গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, টেকনাফ পৌরসভার পুরাতন বাসস্টেশনে সাত হাজারের বেশি তরমুজ নিয়ে বসেছেন সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার চাষি ফরিদ আলম (৩৭), নুরুল ইসলাম (৪০) ও বাহারছড়া ইউনিয়নের হোসেন আহমদ (৪২)। পাশেই বসেছেন বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের হোসেন আহমদ (৪২)। অল্প সময়ের ব্যবধানে তাঁদের প্রায় পাঁচ শ তরমুজ বিক্রি করতে দেখা গেছে।ব্যবসায়ী ফরিদ আলম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ভালো ফলন হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, ফড়িয়াদের কারণে চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। তাঁরা চাষিদের কাছ থেকে কম দামে কিনে বাইরে চড়া দামে বিক্রি করছেন।পাইকারি ব্যবসায়ী নুরুল ইসলাম (৪০) এক শ তরমুজ নয় হাজার টাকা করে কিনেছেন। প্রতিটি তরমুজের দাম পড়েছে ৯০ টাকা। এই তরমুজই এখন ১২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে তিনি জানান।পুরান বাসস্টেশনের বাজার থেকে তরমুজ কিনছিলেন কুমিল্লার কান্ডিরপাড়ার শাহ নেওয়াজ পাটোয়ারী (৪৫)। সমুদ্রসৈকতে বেড়াতে আসা এই পর্যটক বলেন, ‘তরতাজা তরমুজ দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাই দুই হাজার টাকায় সাতটি তরমুজ কিনে বাড়ি নিয়ে যাচ্ছি।’ এত টাকায় তরমুজ কেনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের এলাকায় এখনো তরমুজ ওঠেনি।’ সারা দিন রিকশা চালিয়েছেন জাকারিয়া (৩০)। পেয়েছেন ২২০ টাকা। সেখান থেকে ৮০ টাকা ভাড়া দেবেন রিকশার মালিককে। বাকি ১২০ টাকায় কিনেছেন একটা বড় তরমুজ। চাল-ডাল না কিনে তরমুজ কিনেছেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘জানি, রাতে ভাত না খেয়েই ঘুমাতে হবে। তার পরও ছেলেমেয়েরা তরমুজ পেয়ে খুশি হবে।’ ব্যবসায়ী ফরিদ আলম জানান, বিক্রি ভালো। তাই লাভও হচ্ছে বেশি। শীত কমে গেলে এই তরমুজ চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।হোয়াইক্ষ্যং ইউনিয়নের জামাল হোসেন (৪২) জানান, তিনি এরই মধ্যে ৭০ থেকে ৯০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। খেতের বাকি তরমুজ বিক্রি করে আরও প্রায় দুই লাখ টাকা পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে টেকনাফের পাঁচ হাজার আট শ একর জমিতে তরমুজের চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় এবার ফলন ভালো হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেছেন, চলতি মৌসুমে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৪৫০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন চাষিরা।