আগাম বৃষ্টিতে চা উৎপাদন বৃদ্ধির আশা
শীত মৌসুমে বৃষ্টি হওয়ায় এ বছর মৌলভীবাজারে চা উৎপাদন বৃদ্ধির আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আগাম বৃষ্টিপাতের কারণে এবার চা-গাছে আগেভাগে পাতা গজিয়েছে। এতে পাতা তোলার মৌসুমও এগিয়ে এসেছে। ফলে বাগানগুলোয় শুরু হয়েছে আগাম চা-পাতা উত্তোলন। বাগানে বাগানে চলছে পাতা তোলার উৎসব।
বৃষ্টিপাতের বর্তমান ধারা অব্যাহত থাকলে গত বছরের চেয়ে এ বছর চা-পাতার উৎপাদন আরও বেড়ে যাবে বলে চা-বাগান সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন। ২০১৫ সালে দেশে ৬ কোটি ৭০ লাখ ৩৮ হাজার কেজি চা-পাতা উৎপাদিত হয়েছিল। এটা দেশে এ পর্যন্ত চা-পাতার সর্বোচ্চ উৎপাদন।
চা-বাগান সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি জেলার চা-বাগান এলাকায় প্রথম বৃষ্টিপাত হয়। শীত মৌসুমের এই আকস্মিক বৃষ্টি জেলার চা-শিল্পাঞ্চলের ৯২টি বাগানের জন্য আশীর্বাদ হয়ে আসে। এ সময়ে বাগানে চলছিল চা-গাছ ছাঁটাইয়ের কাজ। বৃষ্টি হওয়ায় চা-গাছে পোকামাকড়ের আক্রমণ হয়নি। গত ২৩ ফেব্রুয়ারি আবারও দুই দফা বৃষ্টি হয়। চায়ের জন্য উপকারী এই বৃষ্টিপাতকে সে সময়ে বলা হয়েছিল ‘আনন্দ বৃষ্টি’। পরবর্তী সময়ে বিচ্ছিন্নভাবে আরও বৃষ্টিপাত হয়েছে। এতে চা-শিল্পাঞ্চল সতেজ, সবুজ হয়ে উঠেছে। কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা-বাগানের মালিক এবং শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মধু মিয়া বলেন, এবার তো চা-বাগানের জন্য শুরুটা খুব ভালো হয়েছে। উৎপাদন গতবারের চেয়ে অন্তত ১০ শতাংশ বাড়বে। তাঁর বাগানে ৮ মার্চ থেকে পাতা উত্তোলন শুরু হয়েছে।
চা-বাগান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগাম বৃষ্টি না হলে সাধারণত মার্চের তৃতীয় সপ্তাহের দিকে বিভিন্ন বাগানে চা-পাতা তোলা শুরু হয়ে থাকে। কিন্তু এ বছর মার্চের প্রথম সপ্তাহ থেকে পাতা তোলা শুরু হয়ে গেছে। কিছু বাগানে তারও আগে থেকে চা-পাতা তোলা শুরু হয়েছে।
বাংলাদেশ চা-বোর্ডের চা-ব্যবস্থাপনা কোষের মহাব্যবস্থাপক শাহজাহান আকন্দ বলেন, মাঘের শেষের বৃষ্টিতে খুবই উপকার হয়েছে। তখন একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল। এতে রেড স্পাইডারের আক্রমণ হতো। বৃষ্টির কারণে এটা হয়নি। আগাম পাতা তোলা সম্ভব হয়েছে। যেভাবে শুরু হয়েছে সেটা যদি অব্যাহত থাকে তাহলে গত বছরের চেয়ে উৎপাদন ভালো হবে।