আগাম মুলায় চাষির হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোহাজারীর পাইকা​ির বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ​খেতের মুলা। আগাম মুলা হওয়ায় চাষিরা দামও পাচ্ছেন ভালো। ছবিটি ২৫ সেপ্টেম্বর দোহাজারী বাজার থেকে তোলা l প্রথম আলো
দোহাজারীর পাইকা​ির বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ​খেতের মুলা। আগাম মুলা হওয়ায় চাষিরা দামও পাচ্ছেন ভালো। ছবিটি ২৫ সেপ্টেম্বর দোহাজারী বাজার থেকে তোলা l প্রথম আলো

‘কয়েক বছর ধরে হাইব্রিড মুলার চাষ করে ভালো লাভ পাচ্ছি। এ বছর আড়াই কানি জমিতে আগাম মুলা চাষে খরচ পড়েছে এক লাখ টাকা। প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি করে পেয়েছি প্রায় এক লাখ ৭০ হাজার টাকা। খেতের বাকি মুলা বিক্রি করে আরও ৮০ হাজার টাকা পাব বলে আশা করছি।’ কথাগুলো বলছিলেন সাতকানিয়ার মাইঙ্গাপাড়া গ্রামের চাষি শাহ আলম (৪৮)।
মুলা শীতের সবজি হলেও আগেভাগে বাজারে চলে আসায় চাষিরাও ভালো দাম পাচ্ছেন। সাতকানিয়া উপজেলার শঙ্খ নদের তীরবর্তী মৈশামুড়া, কালিয়াইশ, উত্তর কালিয়াইশ, মাইঙ্গাপাড়া ও পূর্ব কাটগড় এলাকার চাষিরা আগাম মুলার চাষ করছেন। ফলনও হয়েছে ভালো।
২৫ সেপ্টেম্বর সকালে উপজেলার উত্তর কালিয়াইশ ও মাইঙ্গাপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, খেত থেকে মুলা তুলতে ব্যস্ত চাষি ও শ্রমিকেরা। আবার অনেকে খেত থেকে তোলা মুলা পাশের শঙ্খ নদের পানিতে ধুয়ে আঁটি বাঁধছেন বাজারে নিয়ে যাওয়ার জন্য।
চাষিদের সঙ্গে আলাপে জানা যায়, শঙ্খ নদের তীরে উৎপাদিত মুলা বিক্রি হয় দোহাজারীর পাইকারি কাঁচা বাজারে। সেখান থেকে এসব মুলা চট্টগ্রাম নগরসহ আশপাশের বিভিন্ন উপজেলার হাটবাজারে নিয়ে যান ব্যাপারীরা। উত্তর কালিয়াইশ এলাকার চাষি আজগর আলী (২৮) বলেন, ‘আগাম জাতের মুলা চাষে পরিশ্রম ও খরচ একটু বেশি। এ বছর তিন কানি জমিতে মুলা চাষ করে ভালো ফলন পেয়েছি। ফলন ও লাভ ভালো হওয়ায় প্রতিবছর আগাম জাতের মুলার চাষ বাড়ছে।’
উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা ও চাষিরা বলেন, প্রতি কানি মুলা চাষে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ পড়ে। আর বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রতি কানি খেতের মুলা বিক্রি করে পাওয়া যায় এক লাখ টাকার বেশি। ফলনের প্রথম দিকে বাজারমূল্য বেশি থাকায় লাভ অনেক বেশি পাওয়া যাচ্ছে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, আগাম জাতের বর্ষাকালীন মুলা চাষের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল না। গত বছর ১২ হেক্টর জমিতে আগাম মুলা চাষ হয়েছিল। এ বছর তা বেড়ে ২০ হেক্টরে দাঁড়িয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ প্রথম আলোকে বলেন, সাতকানিয়ার শঙ্খ নদের তীরবর্তী কয়েকটি গ্রামে হাইব্রিড প্রজাতির ‘ট্রপিক্যাল সুইট’ জাতের মুলার চাষ হয়েছে। এই জাতের মুলা পানি সহনীয়। তাই বর্ষাকালেও ভালো ফলন পাওয়া যায়। এই জাতের মুলা চাষের ৪০ দিনের মধ্যে বাজারে বিক্রি করার মতো উপযুক্ত হয়। শোয়েব মাহমুদ আরও জানান, আগাম জাতের মুলা চাষে ভালো ফলন ও লাভ বেশি পাওয়ায় উপজেলার শঙ্খ নদের তীরবর্তী গ্রামগুলোতে এই জাতের মুলার চাষ প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।