আগাম শিম চাষে লাভবান চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বিভিন্ন এলাকায় আগাম শিম চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। অনুকূল আবহাওয়ায় শিমের ভালো ফলন ও বাজারে উচ্চমূল্য পাওয়ায় চাষিরাও বেশ খুশি।
সরেজমিনে দেখা গেছে, নওগাঁর ধামইরহাটের আলমপুর, আড়ানগর, মহাদেবপুরের ঝাড়গ্রাম, লক্ষ্মীপুর, চান্দাস, মান্দার ভালাইন, এনায়েতপুর, নওগাঁর বর্ষাইল, কীর্তিপুরসহ বিভিন্ন এলাকার মাঠে এখন শিমের চাষ হচ্ছে।
জেলার বিভিন্ন এলাকার ৩০-৩৫ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগেও এসব এলাকায় বাড়ির আঙিনায় ও পতিত জমিতে পরিবারের চাহিদা মেটানোর জন্য শিম চাষ হতো। অন্যান্য ফসলের চেয়ে শিম চাষ করে বেশি লাভবান হওয়ায় এখন বাড়ির আঙিনা পেরিয়ে মাঠেও চাষ হচ্ছে শিম। নতুন শিমের চাহিদা বেশি থাকায় প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।
মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের কৃষক সহোদর এনামুল হক ও আসলাম বলেন, শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকেই তাঁদের খেতে আগাম শিম উঠতে শুরু করেছে। শিমের পাশাপাশি তাঁরা আগাম বেগুন ও শসা চাষ করেছেন।
এনামুল বলেন, যেকোনো সবজি যদি মৌসুমের শুরুতেই বাজারে তোলা যায়, তবে তার দাম যেমন বেশি পাওয়া যায়, তেমনি গ্রাহকদের কাছে তার চাহিদাও বেশি থাকে। সে কথা ভেবে এবারও তিনি জমিতে আগাম শিম চাষ করেছেন। এবার তাঁর ১৭ কাঠা জমিতে চাষ করা শিম এখন পর্যন্ত ২৫ হাজার টাকায় বিক্রি করেছেন।
তাঁদের মতো আগাম শিম চাষে লাভবান হওয়া ধামইরহাটের আদিবাসী নারী রোজিনা কিস্কু বলেন, এবার ফলন ও দাম ভালো পেয়ে তাঁর সংসারের অভাব দূর হয়েছে। তাঁর এ সাফল্যে গ্রামের অন্য গৃহিণীরাও আগাম সবজি চাষে আগ্রহী হচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, কয়েক বছর ধরে ধামইরহাট, মহাদেবপুর, মান্দা ও নওগাঁর বেশ কিছু এলাকায় আগাম সবজি চাষ হচ্ছে। এসবের মধ্যে আগাম শিম, বেগুন, লালশাক, পুঁইশাক ও টমেটোর চাষাবাদ বাড়ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সত্যব্রত সাহা বলেন, সাধারণত আগাম সবজি চাষে পোকামাকড়ের আক্রমণ বেশি থাকে। তবে কৃষকেরা এখন সচেতন হওয়ায় যেকোনো সমস্যায় তাঁরা সরাসরি স্থানীয় কৃষি অফিসের পরামর্শ নেন। এবার চলতি মৌসুমের শুরুতেও শিমখেতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলেও কৃষি বিভাগের পরামর্শ ও সুষ্ঠু পরিচর্যায় শেষ পর্যন্ত শিমের ফলন ভালো হচ্ছে। অন্য বছরের তুলনায় এবার দামও ভালো।