আগাম শীতের সবজিতে কৃষকের মুখে হাসি
পাইকারি বাজারে আসছে আগাম শীতের সবজি। বিক্রিও হচ্ছে ভালো। এতে এবার সবজিতে লাভের মুখ দেখছেন নীলফামারীর সৈয়দপুরের কৃষকেরা।
উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙ্গালিপুর ও বোতলাগাড়ি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি সবজির আবাদ হয়েছে বোতলাগাড়ির শ্বাসকান্দর, পোড়ারহাট, বেংমারী, অচিনার ডাংগা প্রভৃতি এলাকায়। বাঁধাকপি, ফুলকপি, মুলা, করলা, লালশাকসহ বিভিন্ন ফসলে মাঠ ভরে গেছে।
শ্বাসকান্দর এলাকার চাষি আবদুল কাদের, আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম বলেন, টানা কয়েক বছর ধান চাষে দাম না পাওয়ায় শীতের সবজি আবাদ করে এখন দুটো পয়সার মুখ দেখছেন।
সৈয়দপুরের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম ৮০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, ফুলকপি ৫০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ১৫০ টাকা, নাপাশাক ৪০ টাকা, সরিষাশাক ২০ টাকা, মুলাশাক ১৫ টাকা, মুলা ২৫ টাকা ও টমেটো ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এখানকার পাইকারি বাজার থেকে সবজি কিনে খুচরা দোকানিরা কেজিতে ৫ থেকে সর্বোচ্চ ২০ টাকা লাভ করছেন। এই বাজার থেকে পাইকারেরা সবজি কিনে ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন।
পাইকারি বাজারের আড়তদার আফতাব আলম বলেন, কৃষকেরা এই বাজারে সরাসরি উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন না। তাঁরা সবজি প্রথমে আড়তে আনেন, তারপর আড়তদারই ওই সবজি বিক্রি করে দেন। বিনিময় আড়তদারকে পণ্য অনুযায়ী ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত কমিশন গুনতে হয়।
পোড়াহাটের কৃষক মো. জয়নুদ্দিন এনেছেন ফুলকপি। তিনি বলেন, এবার আগাম শীতের ফসলে দাম ভালো পাওয়া যাচ্ছে। এ জন্য তাঁরা খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মণ্ডল বলেন, এ মৌসুমে আগাম জাতের সবজি চাষ হয়েছে প্রায় ৪০০ হেক্টরে। এবার ধান ও অন্যান্য ফসল আবাদ করে কৃষকেরা তেমন একটা সুবিধা করতে পারেননি। ফলে চলতি মৌসুমে ব্যাপক হারে সবজির আবাদ করা হয়েছে। এতে চাষিরা লাভবান হচ্ছেন।