আগামসিহ লেনের খাবারের সম্ভার
প্রতিদিন দুপুরের পর আগামসিহ লেনের চেহারা পাল্টে যায়। পুরান ঢাকার সরু গলিটি হয়ে ওঠে পথখাবারের রাজ্য। আগামসিহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জামে মসজিদ পর্যন্ত রাস্তার চারদিকে লোভনীয় সব খাবারের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। খাবারের এই পসরা থাকে প্রায় রাত নয়টা পর্যন্ত।
দেশি পিঠা থেকে শুরু করে ভিনদেশি দোসা, মোগলাই টিকিয়া থেকে চৈনিক চাওমিন—সবই মিলবে এই এলাকায়। ১০-১২ জন বিক্রেতা তাদের পসরা সাজিয়ে বসে। মসজিদের ডান দিকে দেলোয়ার টি স্টল। দোকানটির বারান্দায় লম্বা টেবিল পেতে কিমা চপ, নার্গিসী কাবাব, শর্মা, কাঠি কাবাব, ঝাল পরোটা, হালুয়া-লুচিসহ নানা কিছু সাজানো। আছে ভিনদেশি বার্গারের ঢাকাই সংস্করণ; টিকিয়া বার্গার, ডিম বার্গার, ক্যাকো বার্গার। সঙ্গে গরম গরম পুরি-পেঁয়াজু-বেগুনি-সমুচা। দাম ৩ থেকে শুরু করে ৪০ টাকা পর্যন্ত। বিক্রেতা শহীদুল ইসলামের কথায়, ‘অন্যখানে এই জিনিসই দুই গুণ দাম লইবো।’ বললেন, ত্রিশ বছরের বেশি সময় ধরে নানা ধরনের হালকা খাবার তৈরি করে আসছেন তাঁরা। সময়ের সঙ্গে সঙ্গে নতুন অনেক পদ যোগ হয়েছে।
গতকাল শুক্রবার গিয়ে দেখা যায়, পথের ধারে চুলা পেতে নানা স্বাদের পিঠাও তৈরি হচ্ছে। পাটিসাপটা, নারকেল পুলি, চিতই পিঠা, মিষ্টি পোয়া, ঝাল পোয়াসহ ৮ থেকে ১০ রকমের পিঠা। বিশেষ পিঠার মধ্যে আছে ডালরুটি; পুরান ঢাকা বাদে অন্য এলাকায় এর দেখা মিলবে না। পিঠাগুলোর দাম ৫ থেকে ২০ টাকা। বিক্রেতা জাহাঙ্গীর হোসেন বললেন, রমজান মাস ছাড়া সারা বছরই এখানে পিঠা বিকিকিনি হয়।
দোকান ঘুরে ঘরে পরিবারের জন্য বিকেলের নাশতা কিনছিলেন গৃহিণী সুলতানা আশরাফী। বললেন, ‘আমরা ঢাকাইয়ারা খেয়েই রাজা। এত রকমের খাবার আর কোথাও পাওয়া যায় না।’
পথের ওপর কাচঘেরা বাক্স থেকে পাস্তা, ফ্রায়েড রাইস, চিকেন বার্গার, চাওমিনও বিক্রি হচ্ছে। বিক্রেতা পলাশ বললেন, তরুণেরাই এসব খাবারের ক্রেতা, মুরব্বিরা এইসব কম খান। জামে মসজিদ থেকে ডান দিকে একটি ছোট দোকানে ভারতীয় খাবার পাওয়া যায়। বিক্রেতা বললেন, তাঁদের মাসালা দোসা আর আলু-পরোটা বেশ জনপ্রিয়। দাম ১৫ থেকে ২৫ টাকা। এ ছাড়া ঘুগনি, ছোলাভুনা, পাঁপড় ভাজা, ডালের বড়ার মতো ঢাকার আদি বাসিন্দাদের প্রিয় খাবারগুলোও চেখে দেখা যাবে এখানে এলে।