আগামী অধিবেশনে আসছেন আরও পাঁচ নারী সাংসদ
সংসদের আগামী অধিবেশনেই নতুন পাঁচ নারী সাংসদ যোগ দেবেন। অধিবেশনের শুরুর দিকেই তাঁদের নির্বাচন করার আনুষ্ঠানিকতা শেষ হবে।সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করার পর শূন্য পাঁচটি আসন পূরণ করার বাধ্যবাধকতা দেখা দিয়েছে।জানা গেছে, এ ব্যাপারে আগামী সপ্তাহেই সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হবে। চিঠি পাওয়ার পরই নির্বাচন কমিশন পাঁচটি আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের নারী প্রার্থীরা নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম নিয়ে তা পূরণ করে জমা দেবেন। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।সংসদে দলগুলোর নির্বাচিত আসনের অনুপাতে এ পাঁচটি সংরক্ষিত আসন বণ্টন হবে। তবে কোনো দল বা জোট এ নির্বাচনে অংশ না নিলে সেই আসন অন্যদের মধ্যে বণ্টন করে দেওয়ার বিধান রয়েছে আইনে। সংসদের মোট আসনকে ভিত্তি ধরে প্রতি ছয়জন নির্বাচিত সাংসদের জন্য কোনো দল বা জোটের একটি সংরক্ষিত নারী আসন পাওয়ার কথা।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বর্ধিত পাঁচটি আসনে নির্বাচন করতে সংসদ সচিবালয় নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবে। সংসদের আগামী অধিবেশনেই নতুন এ পাঁচ সাংসদ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।নারী আসনের এ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় হিসাবে একটি পেলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। কারণ, দলটি সংবিধানের এ সংশোধনীর মাধ্যমে পাওয়া একটি আসন নেবে না বলে জানিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির সাংসদ ও সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, বিএনপি নীতিগত কারণেই এ আসনটি নেবে না। কারণ, বিএনপি পুরো সংবিধান সংশোধনের প্রক্রিয়াকে মতলববাজি হিসেবে মনে করছে।বিএনপির অনাগ্রহের ফলে দৃশ্যত পাঁচটি আসনই মহাজোটের ঘরে যাচ্ছে। এতে মহাজোটের সাংসদ ৩০৪ থেকে বেড়ে দাঁড়াবে ৩০৯ জনে।বর্ধিত সংরক্ষিত নারী আসন দিয়ে নবম জাতীয় সংসদ হচ্ছে ৩৫০ সদস্যের। এ ছাড়া রয়েছেন তিনজন অনির্বাচিত মন্ত্রী। ফলে, ৩৫৪ আসনের সংসদকক্ষে একটিমাত্র আসন খালি থাকার কথা। তবে স্পিকারের জন্য আলাদা আসন থাকায় সংসদ অধিবেশনকক্ষে দুটি আসন খালি থাকবে।২০০৪ সালের মে মাসে সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে ৪৫টি নারী আসন ১০ বছরের জন্য সংরক্ষণ করা হয়। এর আগ পর্যন্ত সংসদে সংরক্ষিত নারী আসনসংখ্যা ছিল ৩০।