আগামী অধিবেশনেই অভিশংসন ক্ষমতা পাবে সংসদ: সুরঞ্জিত
আগামী সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘সামরিক ফরমানের মাধ্যমে ’৭২-এর সংবিধানে থাকা অভিশংসনের যে বিষয়টি বাতিল করা হয়েছিল, তা আগামী সংসদ অধিবেশনে ষোড়শ সংশোধনীর মাধ্যমে ফিরিয়ে আনা হবে।’
গতকাল সোমবার সকালে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগারের হলরুমে এক স্মরণসভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। ‘নৌকা সমর্থকগোষ্ঠী’ আইভি রহমানের স্মরণে এ সভার আয়োজন করে। সংগঠনের উপদেষ্টা হাজি মো. সেলিম স্মরণসভায় সভাপতিত্ব করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ১৯৭২ সালের সংবিধানে সংসদ কর্তৃক বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ছিল। পরে সেনা-সমর্থিত সরকার তা বাতিল করে। পঞ্চদশ সংশোধনীতে এ ক্ষমতা ফিরিয়ে আনা উচিত ছিল। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহলের কারণে তা সম্ভব হয়নি।