আগামী অর্থবছরে বাগেরহাটে বিমান বন্দরের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী অর্থবছর থেকে বাগেরহাট খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণকাজ পূর্ণাঙ্গভাবে শুরু হবে। কাজ শেষ হবে তিন বছরের মধ্যে। এতে ব্যয় হবে ৫৪৪ কোটি টাকা।
গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় ওই বিমানবন্দর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সেখানে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন এ কথা বলেন। ৭ মে একনেকে এই বিমানবন্দরের জন্য ৫৪৪ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদনের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এই আশ্বাস দিলেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাগেরহাট-৩ আসনের সাংসদ তালুকদার আবদুল খালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক প্রমুখ। বিকেলে মন্ত্রী বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে খুলনার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করেন।
পর্যটন খাতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: বিকেলে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘খুলনা অঞ্চলে পর্যটনশিল্পের অপার সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় রাশেদ খান মেনন বলেন, বৃহত্তর খুলনা অঞ্চলে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এ জন্য খুলনার উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। যদি বছরে দেশে ১ লাখ পর্যটক আনা যায় তবে ১১ লাখ মানুষের কর্মসংস্থান হবে। মন্ত্রী বলেন, ‘শুধু সুন্দরবন নয়, আশপাশের স্পটগুলো পর্যটকেরা যাতে ঘুরে দেখতে পারে পর্যটন করপোরেশন সে জন্য বিভিন্ন প্যাকেজ তৈরি করছে। ইতিমধ্যে আমরা টুরিস্ট পুলিশ গঠন করেছি। অচিরেই এ অঞ্চলে তাদের কার্যক্রম শুরু হবে।’
খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, খুলনার জেলা প্রশাসক হারুনার রশিদ।