২০১৩-১৪ অর্থবছরের জন্য ১৩৪ কোটি ৬১ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের চারুকলা ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি ও সিন্ডিকেটের যৌথ বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে একই সঙ্গে ২০১২-১৩ অর্থবছরের চার কোটি ৪৬ লাখ টাকার ঘাটতিসহ মোট ১২৭ কোটি ১৬ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয় বৈঠকে।উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী আগামী অর্থবছরের বাজেট পেশ করেন। আগামী ৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় এ প্রাক্কলিত বাজেট পেশ করা হবে।বাজেট অনুমোদনের বিষয় নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, বাজেটের ১২০ কোটি ৩১ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে সরকার অনুদান দেবে। বাকি ১৪ কোটি ৩০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে পূরণ করতে হবে।