চলতি বছরের মধ্যে দেশে প্রায় দুই হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর মধ্যে এক হাজার ১৫ থেকে এক হাজার ২১৫ মেগাওয়াট আসবে ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র থেকে। আগামী বছর (২০১১ সাল) উৎপাদিত হবে আরও ৯২০ মেগাওয়াট। এর ফলে দীর্ঘদিন থেকে চলে আসা ঘাটতি ও বার্ষিক বর্ধিত চাহিদা পূরণ করে আগামী বছর গ্রীষ্মকালে বিদ্যুৎ ঘাটতি অনেক কমে আসবে।এর পরের বছর, ২০১২ সালে নতুন আরও দুই হাজার ২৬৯ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদিত হবে। ফলে ওই বছরের সেচ মৌসুম ও গ্রীস্মে চাহিদার তুলনায় উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদিত হবে। সরকারের লক্ষ্যও হচ্ছে, চাহিদার তুলনায় অন্তত ২০ শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করা।বিদ্যুৎ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য উপস্থাপন করা হয়েছে। গতকাল দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থাপিত বিদ্যুৎ খাতের সর্বশেষ কর্মপরিকল্পনায় এসব তথ্য রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এস এম আলমগীর কবিরের উপস্থাপিত বক্তব্যে ২০১৫ সালের মধ্যে সর্বমোট নয় হাজার ৪২৬ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০১৩ সালে এক হাজার ৬৭৫ মেগাওয়াট; ২০১৪ সালে এক হাজার ১৭০ এবং ২০১৫ সালে কয়লাভিত্তিক কেন্দ্র থেকে দুই হাজার ৬০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদিত হবে।সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক ও বিদ্যুৎ সচিব মো. আবুল কালাম আজাদ বক্তব্য দেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।পরিকল্পনাটি উচ্চাভিলাষী কি না: সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তৌফিক-ই-ইলাহী বলেন, অনেক সময় কোনো কোনো প্রকল্প সময়মতো বাস্তবায়নে সমস্যা দেখা দেয়। এমনকি, বাতিলও (স্লিপেজ) হয়ে যেতে পারে। তাই কর্মপরিকল্পনায় কিছুটা বেশি অন্তর্ভুক্ত (ওভার প্রোগ্রামিং) করা হয়েছে। এটি উচ্চাভিলাষী নয়। অর্থের উৎস: এই নিয়ে প্রশ্নের জবাবে জানানো হয়, প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের প্রকল্প নেওয়া হয়েছে এবং এগুলোতে সরকারই অর্থায়ন করবে। পরবর্তী সময়ে ‘এনার্জি অ্যান্ড পাওয়ার ফান্ড’ নামে একটি তহবিল গঠনের প্রক্রিয়া চলেছে। ‘কুইক রেন্টাল’সহ ভাড়াভিত্তিক কেন্দ্রে সরকারি বিনিয়োগ নেই। সরকার শুধু বিদ্যুৎ কিনবে। তবে তেলচালিত হওয়ায় এই বিদ্যুতের দাম বেশি হবে।জানানো হয়, বর্তমানে দেশে প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হয় দুই টাকা ৮০ পয়সার মতো। কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে ২০১৫ সালে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় সাড়ে চার টাকা। এত দিন শুধু গ্যাস দিয়ে প্রায় ৯০ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হতো বলে দাম কম পড়েছে। এখন গ্যাস নেই। তাই তেলচালিত কেন্দ্র করতে হবে। বাড়তি দাম পরিশোধের জন্য গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হবে কবে, জানতে চাইলে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দাম বাড়ানোর বিষয়টি এখন আর মন্ত্রণালয় বা সরকারের হাতে নয়। এ কাজটি এখন করে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আর দাম বাড়ানোর প্রক্রিয়া মেনেই বিইআরসি সিদ্ধান্ত নেবে, কবে থেকে কতটা দাম বাড়বে কিংবা বাড়বে না।কুইক রেন্টালের আইনি ভিত্তি: দরপত্র ছাড়া ‘কুইক রেন্টাল’ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা বেআইনি কি না, প্রশ্ন করা হলে বিদ্যুৎ সচিব সরকারি ক্রয়নীতির সংশ্লিষ্ট ধারা পড়ে শোনান। তিনি বলেন, সরকারি ক্রয়নীতিতে একাধিক পদ্ধতিতে কেনার বিধান রয়েছে। তার একটি যেমন উন্মুক্ত দরপত্র তেমনি আরেকটি হচ্ছে জরুরি ভিত্তিতে ক্রেতা পছন্দ করে কেনা। ক্রয়নীতি ৬৮ ধারা অনুযায়ী এ ধরনের ক্রয়ের জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রয়োজন হয়। সে অনুমোদন নিয়েই ‘কুইক রেন্টাল’ করা হচ্ছে। দেশের জরুরি প্রয়োজনে তাড়াতাড়ি পাওয়ার জন্য এই পদ্ধতিতে বিদ্যুৎ কেনা হচ্ছে। এখানে কোনো অস্বচ্ছতা নেই।জ্বালানি মজুদ ও পরিবহন কীভাবে: ভাড়াভিত্তিক যেসব বিদ্যুৎকেন্দ্র হচ্ছে সেগুলোতে জ্বালানি তেল (ডিজেল কিংবা ফার্নেস তেল) সরবরাহের দায়িত্ব সরকারের। এত কেন্দ্রে জ্বালানি তেল সরবরাহ করা ও মজুদ রাখা সম্ভব হবে কি না, প্রশ্ন করা হলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আনোয়ারুল করিম কোন বছর, কোন ধরনের কতটুকু জ্বালানি তেল লাগবে; তা কীভাবে আমদানি ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ করা হবে সেই হিসাব ও পরিকল্পনা বিস্তারিত উল্লেখ করেন।জ্বালানি উন্নয়নে কী করছেন: বিদ্যুৎ খাত উন্নয়নে কর্মপরিকল্পনা করা হলেও জ্বালানি খাত পিছিয়ে আছে। এ ব্যাপারে জানতে চাইলে সংবাদ সম্মেলনে বলা হয়, জ্বালানি খাতেরও একটি বিস্তারিত কর্মপরিকল্পনা করা হচ্ছে। সপ্তাহ দুয়েকের মধ্যে সেটিও সংবাদ সম্মেলন করে উপস্থাপন করা হবে।