আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি তাদের ভুল বুঝতে পেরেছে। তাই খুলনা, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। আমার বিশ্বাস, আগামী জাতীয় নির্বাচনেও বিএনপি অংশ নেবে।’ গতকাল বুধবার ভোলা সদর উপজেলার বালিয়াকান্দি এলাকায় মেঘনার ভাঙন প্রতিরোধে তীর সংরক্ষণ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনে উপনির্বাচন, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হয়েছে। সবগুলো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আগামী সংসদ নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।তোফায়েল আহমেদ বলেন, ‘পৃথিবীর যতগুলো দেশে সংসদীয় গণতন্ত্র চালু আছে, সব দেশেই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। আমি মনে করি, কমিশনের হাতে যদি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো থাকে, তা হলে তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে। তাই বিরোধী দলের প্রধান ও সাংসদদের অনুরোধ করছি, আপনারা যা চান, তা সংসদে এসে বলুন।’ মেঘনার ভাঙন প্রতিরোধ বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ভাঙনের কবলে পড়ে ভোলার অনেক ঐতিহ্যবাহী বাড়িঘর মেঘনায় বিলীন হয়ে গেছে। অথচ এ ভাঙন প্রতিরোধে বিগত সরকারের আমলে কোনো প্রকল্প নেওয়া হয়নি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলাকে রক্ষার জন্য ১০৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও পানিসম্পদ মন্ত্রণালয় সে টাকা ছাড়ে বিলম্ব করছে। সভায় পাউবো ১-এর নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন ভোলা পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাছির উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।