আগামী দশককে অভিবাসন দশক ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসন খাতকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত উল্লেখ করে ২০১২-২১ দশককে অভিবাসনের দশক ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ‘২০১১ সালে অভিবাসনের গতি-প্রকৃতি: অর্জন এবং চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন রামরুর প্রধান তাসনিম সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তাসনিম সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক সমীক্ষায় বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। বাংলাদেশের এই প্রবৃদ্ধি অর্জনে যে কয়েকটি খাত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অভিবাসন ও অভিবাসীদের পাঠানো অর্থ তার অন্যতম। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, এ বছর যে রেমিট্যান্স এসেছে, তা জাতীয় আয়ের ১৩ দশমিক ৬৫ শতাংশ। এই অর্থ পোশাক খাতের মূল আয়ের ৩ দশমিক ২ গুণ, বৈদেশিক সাহায্যের প্রায় ৬ দশমিক ৪ গুণ এবং বিদেশি বিনিয়োগের ১২ দশমিক ৫ গুণ বেশি। এত বড় অবদান রাখার পরও অভিবাসন খাতে সমস্যার শেষ নেই—এ মন্তব্য করে তাসনিম সিদ্দিকী বলেন, অভিবাসনকে উন্নয়নের হাতিয়ারে পরিণত করা, অভিবাসীদের অধিকার প্রতিষ্ঠা এবং এ খাতের নানা সমস্যা মোকাবিলায় প্রয়োজন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। মূল বক্তব্যে তাসনিম সিদ্দিকী প্রতারণা, দালাল প্রথার দৌরাত্ম্য, উচ্চ ব্যয়, ভিসা কেনাবেচা ও কূটনৈতিক ব্যর্থতার মতো বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি এ খাতে অনেক অর্জনও আছে বলে মন্তব্য করেন। উদাহরণ হিসেবে তিনি ১৯৮২ সালের অধ্যাদেশ সংশোধন করে অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থান আইনের খসড়া তৈরি, শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের জাতিসংঘ সনদে স্বাক্ষর করা, প্রবাসীকল্যাণ ব্যাংক চালু হওয়ার মতো বিভিন্ন বিষয় উল্লেখ করেন। তাসনিম সিদ্দিকী বলেন, ‘সার্বিকভাবে অভিবাসন খাতকে এগিয়ে নিতে হলে সরকার, বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ—সবার সমন্বয় দরকার। তাই আমরা ২০১২ থেকে ২০২১ সালকে অভিবাসন দশক ঘোষণার দাবি জানাচ্ছি।’ অনুষ্ঠানের প্রধান অতিথি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘অভিবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কিন্তু যাঁরা এত কষ্ট করে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখছেন, তাঁদের জন্য যতটুকু করার, আমরা ততটুকু করছি না। আসুন, সবাই মিলে অভিবাসীদের পাশে দাঁড়াই।’ অনুষ্ঠানে অভিবাসনবিষয়ক প্রতিবেদনের জন্য দুজন স্থানীয় সাংবাদিককে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন, চট্টগ্রামের সৌমিত্র চক্রবর্তী ও টাঙ্গাইলের দিলরুবা আখতার। মতিউর রহমান পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।