আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেবে ১৮ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাবি পূরণে সরকার ব্যর্থ হলে কিংবা গড়িমসি করলে আগামী দিনে একই দাবিতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ১৮-দলীয় জোট।গতকাল বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।প্রসঙ্গত, দ্রুত বিচার আইনে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তার বিরোধীদলীয় সব নেতা-কর্মীর অবিলম্বে মুক্তি, সারা দেশে ‘সরকারের নির্দেশে পরিচালিত গণহত্যার’ প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং ‘ব্যর্থ, অযোগ্য স্বেচ্ছাচারী’ সরকারের পদত্যাগের দাবিতে হরতাল করছে বিএনপি।দুই নেত্রীকে সংলাপে বসতে আদালতের রুল প্রসঙ্গে বিএনপির মুখপাত্র বলেন, সংলাপ বা আলোচনা যে কথাই বলা হোক না কেন, সে উদ্যোগ সরকারকে নিতে হবে। পরীক্ষার সময় আন্দোলন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা জাতীয় স্বার্থের ব্যাপার। তা ছাড়া এসএসসি পরীক্ষার সময় শাহবাগেও আন্দোলন হয়েছে।’নাশকতা সৃষ্টিকারীদের দেখামাত্র গুলির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট। এদের গুলি থেকে গৃহবধূরাও রক্ষা পাচ্ছে না। এদের হাতে আইনের শাসন নিরাপদ নয়। তিনি বলেন, এদের অবস্থা এখন সেই বিখ্যাত কবিতার মতো, ‘এত লাশ রাখব কোথায়’। সরকার খুনির রূপ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। রিমান্ড চলাকালে ১৪৮ জনের নামে অভিযোগপত্র দেওয়াকে নজিরবিহীন ঘটনা বলে অভিহিত করেন মির্জা ফখরুল।