আগামী দিনে একটি জাতীয় পার্টি থাকবে: কাজী জাফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রানার বলে মন্তব্য করেছেন জাপার একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ। এ ছাড়াও আগামী দিনে একটি জাতীয় পার্টি থাকলে তাঁর নেতৃত্বাধীন জাতীয় পার্টিই থাকবে বলে মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে ১৯-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন কাজী জাফর।

কাজী জাফর আহমদ বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট এরশাদ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রানার। আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা ও দূরদর্শিতা তাতে এরশাদের সঙ্গে রাজনীতি করা ঠিক হয়নি। এরশাদের অপকর্মের দায় আমাদেরও কিছু থাকে। গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়ার নেতৃত্বের কাফেলার বিজয় নিশ্চিত।’

এর পরে কাজী জাফর আহমদ পুড়িয়ে দেওয়া জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের একটি নমুনা দেখতে পেলাম।’ তিনি আরও বলেন, ‘এরশাদের সাথে যাঁরা আছেন তাঁরাও অচিরেই বাঁধভাঙা জোয়ারের মতো আমার জাতীয় পার্টিতে ভিড়বেন। একটি জাতীয় পার্টি থাকলে আমার জাতীয় পার্টিই থাকবে।’ 

এ সময় সাবেক সাংসদ নওয়াব আলী আব্বাস, জাফরউল্লা খান চৌধুরী, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলম তালুকদার, পিরোজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি তৌহিদ উদ্দিন শেখ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।