সরকার গণতন্ত্র ও আইনের শাসনের কথা বলে। কিন্তু কথাগুলো ফাঁকা বুলি সর্বস্ব। ওরা (সরকার) ভিতু। ভয় পাচ্ছে। আগামী দিনে নিজের ছায়া দেখেও ভয় পাবে। সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ এ মন্তব্য করেছেন।
বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে ফরিদপুরে বিএনপিপন্থী আইনজীবীদের আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কামাল ইবনে ইউসুফ আরও বলেন, ‘গত শনিবার সদরের অম্বিকাপুর ইউনিয়নে ও গত রোববার ডিক্রিরচর ইউনিয়নে বিএনপির নতুন কর্মী সংগ্রহ অনুষ্ঠান পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধায় পণ্ড হয়। ওই দিন ঘটনাস্থলে গিয়ে আমি দেখতে পাই, বিএনপির নেতা-কর্মীর চেয়ে পুলিশের সংখ্যা বেশি। তারা আমাকে সভা করতে দেয়নি। এক পুলিশ কর্মকর্তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সদস্য সংগ্রহ করার মতো শান্তিপূর্ণ একটি অনুষ্ঠানে বাধা দিচ্ছেন কেন? জবাবে ওই পুলিশ কর্মকর্তা আমাকে বলেন, ওপরের নির্দেশে এ কাজ করতে তাঁরা বাধ্য হচ্ছেন। এ ঘটনাই প্রমাণ করে, ওরা ভয় পেয়ে গেছে। আগামী দিনে ওরা নিজের ছায়া দেখেও ভয় পাবে। এ সরকার গণতন্ত্র ও আইনের শাসনের কথা বলে। কিন্তু এগুলো ফাঁকা বুলি। বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলেই বোঝা যায়, কথাগুলো বোগাস।’
বিএনপির এই নেতা আরও বলেন, দেশে আইনের শাসন না থাকলে সে দেশে জঙ্গলের শাসন চালু হয়। সে দেশে শান্তি আসে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আইনের শাসন নেই বলেই সেখানে অরাজকতার সৃষ্টি হয়েছে।পাশাপাশি পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়ের কথা উল্লেখ করে কামাল ইউসুফ বলেন, দেশের সুপ্রিম কোর্ট কত শক্তিশালী হলে প্রধানমন্ত্রীকে অবৈধ বলে ঘোষণা দিতে পারেন এবং সে ঘোষণা মেনে নিয়ে ওই প্রধানমন্ত্রীও পদত্যাগ করেন, এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আসাদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আওলাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক গুলজার হোসেন, জেলা জিয়া পরিষদের সভাপতি মো. হান্নান মিয়া প্রমুখ।