আগামী দিনের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ নিজ প্রকল্পের ব্যাখ্যা দিতে ব্যস্ত ছিল খুদে বিজ্ঞানীরা, আবার ফাঁক বুঝে হাজির হয়েছে অ​ন্যদের প্রকল্পের খবর নিতে
নিজ নিজ প্রকল্পের ব্যাখ্যা দিতে ব্যস্ত ছিল খুদে বিজ্ঞানীরা, আবার ফাঁক বুঝে হাজির হয়েছে অ​ন্যদের প্রকল্পের খবর নিতে

চাই একটি বিজ্ঞানভিত্তিক প্রকল্প
কোনো একটি প্রকল্প বানাতে গেলে তোমাকে অবশ্যই ভেতরের বিজ্ঞানটুকু জানতে হবে। এটাই হচ্ছে তোমার প্রকল্প সুন্দর করার মূলমন্ত্র। চমৎকার একটি প্রকল্পের জন্য, ভালো প্রকল্প হিসেবে বিবেচিত হওয়ার জন্য তোমাকে নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
অবশ্যই থাকতে হবে মাপজোখ
বিজ্ঞান মানেই হিসাবনিকাশ। তুমি যদি বিজ্ঞান জয়োৎসবে একটি প্রকল্প প্রদর্শন করতে চাও, তোমাকে অবশ্যই তার খঁুটিনাটি সবকিছু হিসাব করে আসতে হবে। যেমন তুমি যদি স্বল্পমূল্যের একটি রেফ্রিজারেটর বানানোর পরিকল্পনা করো, তাহলে তোমাকে অবশ্যই হিসাব করতে হবে তোমার রেফ্রিজারেটর কত সময়ে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমাতে পারে। কত তাপমাত্রা হলে খাদ্য নষ্ট হয় না। প্রকল্পের খরচ বা কার্যকারিতাও হিসাব করতে হবে। যেমন তুমি উদ্ভাবন করলে স্বল্পমূল্যের কীটনাশক। তোমার উদ্দেশ্য যদি হয় স্বল্পমূল্যে বানানো, তবে তোমাকে অবশ্যই জানতে হবে বাজারের কীটনাশকের দাম কত, তোমার কীটনাশক বানাতে কত খরচ হবে। এক কথায়, মেপে ফেলো যা কিছু মাপা সম্ভব।
জানতে চাই পেছনের বিজ্ঞান
তোমার প্রকল্পের পেছনের বিজ্ঞান অবশ্যই সবাইকে জানাতে ও বোঝাতে হবে। যেমন তুমি যদি একটি যন্ত্র বানাও, যা হাইড্রোলিক প্রেসের পদ্ধতিতে কাজ করে, তাহলে তোমাকে হাইড্রোলিক প্রেসটা জানতে হবে। তোমার প্রজেক্ট যদি হয় তথ্যপ্রযুক্তির এবং তাতে যদি একটা প্রোগ্রাম কোড করা থাকে, তাহলে অবশ্যই তোমাকে সোর্সকোড দেখাতে হবে ও তা ব্যাখ্যা করতে হবে।
অলৌকিকতা বিজ্ঞান নয়
তোমার বিজ্ঞান প্রকল্পে এমন কোনো অংশ থাকতে পারবে না, যা দেখতে অলৌকিক লাগে। ধরো তুমি একটি বাতি দেখালে, যা নির্দিষ্ট জায়গায় ধরলে জ্বলে ওঠে। তারপর তুমি বললে এটা ‘অদৃশ্য কারেন্টে’র জন্য হচ্ছে। এমন প্রকল্প অলৌকিক বলে বিবেচিত হবে।

খুদে বিজ্ঞানীদের নানা প্রশ্নের জবাব দেন বিজ্ঞানী রেজাউর রহমান, অধ্যাপক আবদুল্লাহ শামস বিন তারিক, লিয়ানা ইসলাম
খুদে বিজ্ঞানীদের নানা প্রশ্নের জবাব দেন বিজ্ঞানী রেজাউর রহমান, অধ্যাপক আবদুল্লাহ শামস বিন তারিক, লিয়ানা ইসলাম

কেন বানালে এমন প্রকল্প
কোনো একটি প্রকল্প কেন বানিয়েছ, তার একটা স্পষ্ট ধারণা তোমার থাকতে হবে। তুমি যে জিনিসটি বানিয়েছ তার কি কোনো বিকল্প আছে? সেই বিকল্প জিনিসটি কী? সেটি থাকার পরও কেন তুমি এটি বানালে? কোন জায়গায় তোমার প্রকল্প সেটির চেয়ে ভালো?
তোমার বানানো জিনিসটি যদি মূল্যের দিকে সাশ্রয়ী হয়, তাহলে তবে তা শতকরা কত ভাগ সাশ্রয়ী?
এসব প্রশ্নের খঁুটিনাটি উত্তর কিন্তু তোমাকে জেনে আসতে হবে একটি প্রকল্প উপস্থাপনের জন্য। এ জন্য সবকিছু নোট করে রাখার অভ্যাস গড়ে তোলো।
সৃজনশীলতা মানে আজগুবি কিছু নয়
সুন্দর একটি বিজ্ঞান প্রকল্প করতে তোমাকে নানা নিয়মকানুনে বন্দী হতে হবে না, দরকার শুধু তোমার সৃজনশীলতা। তবে খেয়াল রেখো, এটি বিজ্ঞান প্রকল্প। তাই দেখো ওপরের বিষয়গুলোর কোনোটা ঘাটতি আছে কি না তোমার প্রকল্পে। তাহলে ওই ঘাটতি পূরণ করো। দেখবে তুমি চমৎকার একটি বিজ্ঞানসম্মত বিজ্ঞান প্রকল্প বানিয়ে ফেলেছ। তোমাকে অভিনন্দন।