আগামী দিনের সাংবাদিকতা হবে বহু মাধ্যমভিত্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দিনের সাংবাদিকতা হবে বহু মাধ্যমভিত্তিক। অবসান ঘটবে তথ্য ও মতামতের একমুখী প্রবাহ, সংবাদকর্মী ও সংবাদবিশ্লেষকদের তথ্য ও বিশ্লেষণের সঙ্গে যুক্ত হবে পাঠকদের দেওয়া তথ্য, বিশ্লেষণ ও মতামত।কথাগুলো বললেন বিশিষ্ট প্রাবন্ধিক, জাতিসংঘ সদর দপ্তরে কর্মরত নিউইয়র্কপ্রবাসী হাসান ফেরদৌস। গতকাল প্রথম আলোর কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসারের পটভূমিতে ইউরোপ-আমেরিকায় প্রথাগত সাংবাদিকতায় যে আমূল পরিবর্তন সূচিত হয়েছে, তা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ছাপা সংবাদপত্রের পাঠক দ্রুত কমছে, ব্যাপকভাবে বাড়ছে ইন্টারনেট সংবাদমাধ্যমের ব্যবহারকারী (ইউজার)। সংবাদপত্র এখন আর প্রচলিত অর্থে সংবাদপত্র থাকছে না, হয়ে উঠছে মাল্টিমিডিয়া পত্রিকা। সংবাদপত্রের ইন্টারনেট সংস্করণে লিখিত সংবাদের পাশাপাশি প্রাসঙ্গিক অডিও-ভিডিও ফুটেজ যুক্ত করার যে কৌশল পশ্চিমা সংবাদমাধ্যমে ব্যবহূত হচ্ছে, তার উল্লেখ করে হাসান ফেরদৌস বলেন, বাংলাদেশেও এখন এটি ব্যবহারের সময় এসেছে। এর মধ্য দিয়ে সংবাদের প্রামাণিকতা ও বস্তুনিষ্ঠতা অনেক বেড়ে যায়। প্রথম আলোর সাংবাদিকতা সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে হাসান ফেরদৌস বলেন, পথ চলাটাই সব নয়, পথ চলতে চলতে সঠিক পথটি খুঁজে পাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সাংবাদিকতার জগতে পথ চলতে চলতে প্রথম আলো সুসাংবাদিকতার পথটি খুঁজে পেয়েছে; বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুণে অর্জন করতে পেরেছে সর্বাধিক সংখ্যক পাঠকের আস্থা। তিনি বলেন, সাংবাদিকতার মূল আদর্শ সত্য তুলে ধরা, সংবাদকর্মীদের একমাত্র আনুগত্য হওয়া উচিত নাগরিকদের প্রতি। তিনি বলেন, সংবাদ ও মন্তব্য আলাদাভাবে প্রকাশিত হওয়া উচিত, দুটো বিষয় একসঙ্গে মিশলে পত্রিকার পক্ষপাতহীনতা ক্ষতিগ্রস্ত হয়। হাসান ফেরদৌস মনে করেন, পত্রিকায় মত প্রকাশের ক্ষেত্রে সব পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। কোনো নির্দিষ্ট একটি পক্ষ বা মহলের মতকে গুরুত্ব দেওয়া বা বিরুদ্ধ মত অগ্রাহ্য করা সুসাংবাদিকতার লক্ষণ নয়।মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, উপসম্পাদক আনিসুল হক, সহযোগী সম্পাদক সোহরাব হাসান, ফিচার সম্পাদক সুমনা শারমীনসহ সম্পাদকীয়, ফিচার ও অনলাইন বিভাগ এবং প্রথমা প্রকাশনের কর্মীরা।