আগামী দিনের স্থপতিদের বরণ উৎসব

সকালে ঘুম থেকে উঠেই তড়িঘড়ি ক্লাসের দিকে ছুটে যাওয়া, ক্লাস আর স্টুডিওতে বিকেল পর্যন্ত একটানা প্রজেক্টের কাজ করা আর ফাঁক মিললেই বন্ধুরা সবাই মিলে একসঙ্গে খাওয়া আর আড্ডা। স্টুডিওর কাজ আর আড্ডাবাজির এমন অপূর্ব সম্মিলনের মধ্য দিয়ে কাটছে আনন্দময় দিন।
বলছিলাম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্থাপত্য বিভাগে অধ্যয়নরত আগামী দিনের স্থপতিদের কথা। কয়েক মাস হলো ১১ ব্যাচের এই স্থপতিদের দলে যোগ দিয়েছেন আরও ৩০ সহযাত্রী। একটু দেরিতে হলেও ১২ ব্যাচের এই নতুন সহযাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলেন ১১ ব্যাচের শিক্ষার্থীরা।
৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় স্থাপত্য বিভাগের আঙিনায় শুরু হওয়া এ বরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মঈনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থপতি নাজমুল লাতিফ, পুরকৌশল বিভাগের শিক্ষক জি এম সাদিকুল ইসলাম, ড. আয়েশা আখতার, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক এ টি এম শাহজাহান, জান্নাতে খাতুন এবং স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। চুয়েটের স্থাপত্য বিভাগের প্রতিটি ব্যাচের থাকে একটি করে চমৎকার নাম ও লোগো। প্রথা অনুযায়ী নবীনবরণ অনুষ্ঠানেই শিক্ষকদের বক্তব্যের পর ১১ ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের ব্যাচের নাম (অক্ষ) এবং এর লোগো প্রকাশ করে। এর পরপরই ছিল কেক কাটা ও অক্ষের পরিচয় তুলে ধরে প্রামাণ্য চিত্র প্রদর্শন। ছিল বছরজুড়ে স্টুডিও, ক্যাম্পাস ও বিভিন্ন স্থানে ভ্রমণকালীন নিজেদের স্মৃতিময় মুহূর্তগুলোর আলোকচিত্র প্রদর্শন এবং শিক্ষার্থীদের নাচ-গানের পালা। এ ছাড়া উৎসবে ছিল অভিনব সব আয়োজন। বিনোদনধর্মী বিজ্ঞাপন বিরতি, সিনিয়র ব্যাচের শিক্ষার্থীদের নানা ভঙ্গিমায় গান, নাচ, ফ্যাশন শো ও বাঁশির মূর্ছনায় প্রাণের স্পন্দন জেগেছিল উৎসবস্থলে। ইংরেজি শেখার অভিধান, নার্সারিতে চাষ, রান্নার মসলার মজাদার কিছু বিজ্ঞাপনে হাসির রোল পড়ে যায় দর্শকদের মাঝে। রাত ১১টার দিকে নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় উৎসবের।