আগামী দেড় বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী দেড় বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবে। কোথা থেকে কীভাবে টাকা আসবে, তা জানার দরকার নেই।’ যশোর সার্কিট হাউস মিলনায়তনে গতকাল শুক্রবার দুপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, ‘বর্তমানে নতুন করে কোনো কিছু করার স্বপ্ন দেখছি না। জনগণের সামনে এমন কোনো ওয়াদা করব না, যেটা এ সময়ের মধ্যে পূরণ করা অসম্ভব। বর্তমানে যেসব কাজ চলছে, সেটা সম্পন্ন করাই এখন প্রধান লক্ষ্য। এ কারণে ভাঙাচোরা রাস্তা ও সেতু মেরামত করে জনগণের দুর্ভোগ কমিয়ে একটু স্বস্তি আনতে কাজ হচ্ছে।’এ সময় উপস্থিত ছিলেন যশোর-৩ (সদর) আসনের সাংসদ খালেদুর রহমান, যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার, ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এনামুল হক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। যোগাযোগমন্ত্রী দলীয় কোন্দল মিটিয়ে ফেলার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সরকারের ১০টি ভালো কাজ আপনাদের একটি মন্দ কাজের জন্য ম্লান হয়ে যেতে পারে। সে জন্য আচরণ পরিবর্তন করুন। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন।’ ওবায়দুল কাদের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে মহাসড়ক থেকে অবৈধ যানবাহন, নির্মাণসামগ্রী, বিলবোর্ডসহ অন্যান্য প্রচারসামগ্রী সরিয়ে ফেলুন।’ এদিকে গতকাল বিকেলে বহু প্রতীক্ষিত যশোর-খুলনা মহাসড়কের সংস্কারকাজের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। অভয়নগর উপজেলার প্রেমবাগে এই সংস্কারকাজের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনের মধ্য দিয়ে দরপত্র আহ্বানের ঠিক এক বছরের মাথায় মহাসড়কটির সংস্কারকাজ শুরু হতে যাচ্ছে। ১৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এ কাজ করা হচ্ছে। এ সময় যোগাযোগমন্ত্রী বলেন, ‘যশোর-খুলনা মহাসড়কের এ বেহাল অবস্থার অবসান আমি করে দেব। এ সরকারের আমলেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন স্থানীয় সাংসদ জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতারা এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।