রাষ্ট্রপতি জিল্লুর রহমান যেকোনো পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ গতকাল রোববার রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় সিইসির সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, মোহাম্মদ আবদুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম জাবেদ আলী ও এম শাহ নেওয়াজ এবং ইসির সচিব এম সাদিক। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ‘ভোটে কে জয়ী অথবা পরাজিত হলেন... সেটি আমার বিষয় নয়, আমি দেখতে চাই অবাধ ও স্বচ্ছ নির্বাচন।’সিইসি রাষ্ট্রপতিকে জানান, দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন হালনাগাদ ভোটার তালিকায় কেউ যেন বাদ না পড়েন, তা নিশ্চিত করতে রাষ্ট্রপতি ইসির প্রতি আহ্বান জানান। সিইসি বলেন, ‘অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আইন আরও কার্যকর করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় সংশোধনী আনছি। যেকোনো আইনের উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং আমরা সেটি করব।’সিইসি রাষ্ট্রপতিকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে জানিয়ে বলেন, ‘নতুন এই যন্ত্রের প্রতি জনগণের আস্থা ফেরাতে ব্যাপক জনসচেতনতা কার্যক্রমের পাশাপাশি ইভিএম সম্পূর্ণ নির্ভুল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।