আগামী নির্বাচন কেমন হবে, নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, বাংলাদেশে আগামী নির্বাচন কেমন হবে, সঠিকভাবে হবে কি না এবং তা দেশের জনগণ ও বহির্বিশ্বের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ভূমিকার ওপর।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত চিকিৎসক অধ্যাপক এম এ মাজেদের স্মরণে এক আলোচনা সভায় এমাজউদ্দীন আহমদ এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ‘তাঁর কাছে ছোট অনুরোধ করব, আপনি অনেক কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন। অনেক কাজ প্রশংসাযোগ্য, অনেক কাজ নিন্দাযোগ্য। এই মুহূর্তে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন যদি জাতিকে দিতে চান, তাহলে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে একটি নির্বাচনী পরিবেশ তৈরি করুন। এর কোনো বিকল্প নেই।’

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বক্তব্য দেন। তিনি বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব নিয়ে তাঁর দলের মধ্যে অনেক আলোচনা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সবার মত নিয়েই সহায়ক সরকারের রূপরেখা দেওয়া হবে।

নজরুল ইসলাম খান বলেন, ‘সম্প্রতি বরগুনার ইউএনওর ঘটনা নিয়ে যা আমরা দেখছি সেটাতে প্রমাণ হচ্ছে, সরকারি দলের নেতাদের কথায় ডিসি, এসপি, ডিআইজি এবং অন্যান্য কর্মকর্তারা, এমনকি বিচারকেরা প্রভাবিত হন এবং অন্যায় করেন। এই বাস্তবতা মাথায় রেখেই আমরা বলতে চাই, যে দলের প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবের কারণে সরকারি কর্মকর্তারা অন্যায় করেন, সেই দল ও সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কী করে সম্ভব? কারণ নির্বাচনে তো এসব ব্যক্তিই ময়দানে দায়িত্বে থাকবে, ডিসিরা, এডিসিরা, এসপিরা, টিএনওরা, ওসিরা, দারোগারা দায়িত্বে থাকবেন।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব এ জেড এম জাহিদ হোসেন। আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, আখতার হোসেন খান প্রমুখ।