আগামী নির্বাচন নিয়ে মানুষের মাঝে সংশয় আছে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে কি না, দেশে গণতন্ত্র থাকবে কি না, এ নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে।এরশাদ দাবি করেন, তিনি যেখানেই যান মানুষ বলে, তারা দুই দলকে (আওয়ামী লীগ ও বিএনপি) আর ক্ষমতায় দেখতে চায় না। দেশে বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, কিছুই নাই। মানুষ এ অবস্থার পরিবর্তন চায়।গতকাল শনিবার রাজধানীর বংশালের সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এরশাদ এ কথা বলেন। পরিবর্তনের সুযোগ এসেছে, মন্তব্য করে ক্ষমতাসীন মহাজোটের শরিক এরশাদ বলেন, ‘এ সুযোগ আর আসবে না। পরিবর্তন আনতে হবে।’ আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বংশাল থানা জাতীয় পার্টি আয়োজিত এই জনসভায় এরশাদ আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণের মেয়র পদপ্রার্থী হিসেবে তাঁর দলের প্রার্থী কাজী ফিরোজ রশীদের জন্য ভোট চান। একই সঙ্গে তাঁর দলের চারজন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।বংশাল থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মো. ফারুকের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, কাজী ফিরোজ রশীদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।