আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক কলহ সৃষ্টির সুযোগ নেই: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক কলহ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক কলহ বাধিয়ে দেশকে পিছিয়ে দেওয়ার অবকাশও নেই। কারণ, নির্বাচন কমিশন শক্তিশালী হচ্ছে।সিইসি গতকাল সোমবার বাংলাদেশের নির্বাচন-ব্যবস্থাপনা শক্তিশালীকরণ শীর্ষক মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সম্মেলনকক্ষে এ মতবিনিময় হয়।এ টি এম শামসুল হুদা বলেন, ‘দশম সংসদ নির্বাচন যথাসময়ে হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেশে আর সামরিক শাসন বা জরুরি অবস্থা জারিরও কোনো সুযোগ নেই। সে সময়টা আমরা পার করে এসেছি। তবে নির্বাচন কীভাবে হবে, তা নির্ধারণে রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে আসতে হবে। এখনো দুই-আড়াই বছর সময় আছে। আশা করা যায়, সব দলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে।’নির্বাচন কমিশনের নির্বাচনী আইন সংস্কারবিষয়ক সংলাপ সফল হয়েছে দাবি করে শামসুল হুদা জানান, ডিসেম্বরের মধ্যে আইন সংস্কারের প্রস্তাব চূড়ান্ত করে সরকারের কাছে পাঠানো হবে। আইন সংস্কারের ব্যাপারে বিরোধী দলের মতামত নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সুপারিশ সম্পর্কে তিনি বলেন, বিএনপি যদি মত পাল্টে কমিশনের সঙ্গে বসতে চায়, সে ক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত সুযোগ আছে।নির্বাচন কমিশন আয়োজিত এই মতবিনিময়ে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, বেসরকারি সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।