আগামী নির্বাচন নিয়ে সংশয় এরশাদের
ঢাকার হোটেল ওয়েস্টিনে যুক্তরাষ্ট্রের ‘নির্বাচন উদ্যাপন’ করতে গিয়ে রাজনীতিবিদেরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে পুরোনো তর্কে জড়ালেন। আওয়ামী লীগ ও বিএনপির নেতারা যথারীতি নিজেদের আগের অবস্থান জানান দিলেন। তবে নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘নির্বাচন আদৌ হবে কি না, আল্লাহ জানেন।’ গতকাল সকালে আয়োজিত এই অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া নির্বাচন সম্ভব নয়।এ সময় পেছন থেকে মওদুদ আহমদের কাঁধে হাত রেখে সরকারদলীয় চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, ‘দেখলেন তো, ওবামা ক্ষমতায় থাকাকালেই যুক্তরাষ্ট্রে নির্বাচন হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। যদি ওদের নির্বাচনকে সুষ্ঠু মনে করেন, তা হলে আগামী নির্বাচনও নির্বাচিত সরকারের অধীনে সুষ্ঠু হবে, এটা মেনে নিন। আসুন, সবাই মিলে নির্বাচনে অংশ নিই।’এর জবাবে মওদুদ আহমদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া নির্বাচন এ দেশের জনগণও বিশ্বাস করে না। তাই আমরাও মেনে নেব না। আপনাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। আপনাদের প্রতি মানুষের আস্থা নেই।’আব্দুস শহীদের পাল্টা প্রশ্ন, অনির্বাচিত সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে, অথচ নির্বাচিতদের প্রতি আস্থা থাকবে না—এটা কেমন কথা? নির্বাচন নিয়ে অনিশ্চয়তা: ঢাকায় মার্কিন নির্বাচন উদ্যাপন অনুষ্ঠানে ভোর ছয়টায় উপস্থিত হন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তাঁর সঙ্গে ছিলেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ অভিযোগ করেন, ‘দেশে এখন কোনো কিছু ঠিকমতো চলছে না। বিশ্ববিদ্যালয়গুলো ঠিকমতো চলছে না। ছুরি-চাপাতি ও অস্ত্রের খেলা চলছে।’ তিনি বলেন, এভাবে দেশ চলতে পারে না। এভাবে নির্বাচনও হতে পারে না। এরশাদ বলেন, ‘আমি এখনো প্রেসিডেন্ট পদ্ধতির শাসনব্যবস্থায় বিশ্বাস করি। কেননা, এ শাসনব্যবস্থায়ই আমার আমলে বাংলাদেশে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে।’