আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনে: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির হোসেন আমু
আমির হোসেন আমু

আগামী নির্বাচনও তত্ত্বাবধায়ক ছাড়া শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের নামে আন্দোলন করে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চায় দাবি করে আমির হোসেন আমু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পাওয়ার পর দেখেছি এই সরকারের রূপ কী। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের পরিপন্থী হয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে গেছে।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমু বলেন, নির্দলীয় ব্যক্তির হাতে ক্ষমতা যাওয়ার পরিপ্রেক্ষিতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে, যা আর কোনোদিনই ফিরে আসবে না।
যুবলীগের সাবেক চেয়ারম্যান আমু দাবি করেন, বিএনপি দেশ ও দেশের সার্বভৌমত্বে এবং জাতীয় সংগীতে বিশ্বাস করে না। তারা যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের বিচার বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। এই ষড়যন্ত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, স্বাধীনতার বিরুদ্ধে।
‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী প্রমুখ।