আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনে: আমু
আগামী নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পাওয়ার পর দেখেছি, সেই সরকারের রূপ কী। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের পরিপন্থী হওয়ায় সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যায়। এর পরিপ্রেক্ষিতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে, যা আর কোনো দিনই ফিরে আসবে না।
গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে যুবলীগের আলোচনা সভায় আমু এ মন্তব্য করেন।
এদিকে নারায়ণগঞ্জে সরকারদলীয় সাংসদ শামীম ওসমান ও সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর পরস্পরবিরোধী তির্যক মন্তব্যে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন²হয় বলে মনে করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
‘প্রধানমন্ত্রীর একনায়কতন্ত্র চলছে’ টিআইবির এমন গবেষণা প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে কখনো একনায়কতন্ত্র হয় না। বাংলাদেশেও এটা হয়নি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা এটা বলেনি।’
খালেদা ও হিউম্যান রাইটসের বক্তব্যে মিল: কামরুল
এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘র্যাব বিলুপ্তি নিয়ে খালেদা জিয়া ও এইচআরডব্লিউর বক্তব্য সম্পূর্ণ মিল। আমাদের বুঝতে হবে, এসব সংগঠন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। নারায়ণগঞ্জে একটি ঘটনা ঘটার পর র্যাব ও প্রশাসনের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে কেন এসব মন্তব্য? আসলে বাংলাদেশের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে।’