আগামী নির্বাচনে একক অংশগ্রহণের কথা আবার জানাল জাতীয় পার্টি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা আবারও জানিয়েছে জাতীয় পার্টি। বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় মতবিনিময় সভায় এ কথা পুনর্ব্যক্ত করেন পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। গতকাল মঙ্গলবার বেলা একটায় নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত বরিশাল জাতীয় পার্টির বিভাগীয় মতবিনিময় সভায় এসব বিষয় তুলে ধরেন দলের ওই জ্যেষ্ঠ নেতারা। প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর আহমদ বলেন, রাষ্ট্রীয় সম্পদ নদীগর্ভে বিলীন হচ্ছে, শেয়ারবাজারে অস্থিরতা, হলমার্ক, ডেসটিনি ও পদ্মা সেতু কেলেঙ্কারির কারণে দেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশের মানুষ পরিবর্তন চায়। শুধু পরিবর্তন নয়, যুগান্তকারী পরিবর্তন। তাই জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে আর কোনো নির্বাচনে অংশ নেবে না। আগামী নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। মহাজোট থেকে জাতীয় পার্টির বেরিয়ে আসা এখন সময়ের ব্যাপার। মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ভারতও চায় হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় আসুক। সাড়ে তিন বছরে অনেক যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম, তত্ত্বাবধায়ক সরকারসহ আরও অনেক কিছু দেখেছি। তবে দেশের মানুষের কোনো পরিবর্তন হয়নি, জীবনযাত্রার মান বাড়েনি এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়নি। এককভাবে নির্বাচনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে ২০০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি ১০০ আসনেও প্রার্থী দেওয়া হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নাছরিন জাহান আমিন ও বরিশাল জেলা সভাপতি মহসিন উল ইসলাম। মহানগর জাতীয় পার্টির সভাপতি মীর আলফাজ উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কামরুজ্জামান কামাল, মহিলা পার্টির সভানেত্রী মরিয়ম বেগম প্রমুখ।