আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে জাতীয় পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে তাঁর দল এককভাবে অংশ নিয়ে ক্ষমতায় যেতে চায়। এ জন্য ইতিমধ্যে কাজও শুরু করা হয়েছে। সব আসনে প্রার্থী দেওয়ার জন্য তালিকা তৈরিও শুরু করা হবে।গতকাল শনিবার পার্টির বনানীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন। অনুষ্ঠানে নাজিমউদ্দিনের নেতৃত্বে এলডিপির শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগ দেন। এরশাদ তাঁদের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলকে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন যেকোনো রাজনীতিবিদের জন্য অনেক সম্মানের। এ কথা রাজনীতিবিদদের বুঝতে হবে। রাজনীতিবিদদের নিজেদের প্রতি অবিশ্বাসের কারণেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হয়েছিল, এখন যার অবসান হবে।অনুষ্ঠানে এরশাদ বলেন, কোনো গণতান্ত্রিক দল তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি অগণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে চাইতে পারে না। এ জন্য শুরু থেকেই জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিরোধিতা করেছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছিল রাজনৈতিক সংস্কৃতির কলঙ্কতিলক। প্রকৃতই বেআইনি ও অসাংবিধানিক। তবে রাজনৈতিক বাস্তবতার কারণে এ ব্যবস্থা অনেকে চালু রাখতে চান। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবেন না বলে যাঁরা ঘোষণা দেন, তাঁদের রাজনীতি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। তাই কোনো বিশেষ দলের নির্বাচন না করার হুমকিতে জনগণ ভয় পায় না।