জেল হত্যা দিবসের আলোচনায় বক্তারা
আগামী নির্বাচনে জিততে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একত্রিত হতে হবে
জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে জিততে হলে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সব শক্তিকে একত্রিত হতে হবে। একাধিক আলোচক নারায়ণগঞ্জের নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সেখানে রাজনীতিকদের একটি বার্তা দিয়েছে ভোটাররা।গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শহীদ এম মনসুর আলী স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেল হত্যাকাণ্ডে নিহত চার জাতীয় নেতার অন্যতম শহীদ মনসুর আলীর ছেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।আলোচনায় অংশ নিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, জাতীয় চার নেতার প্রতি সম্মান জানাতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা করা সম্ভব না হলে খালেদা জিয়ার সঙ্গে মিলে জামায়াত-শিবির তাদের স্বপ্নপূরণের অপচেষ্টা চালাবে।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় রাজনীতির সিদ্ধান্তের ভুল মানুষ গ্রহণ করেনি। তেমনি বিএনপির কূটচালকে তারা প্রত্যাখ্যান করেছে। নারায়ণগঞ্জের মানুষ সততা, জবাবদিহি আর পরিচ্ছন্নতার পক্ষে রায় দিয়েছে। নারায়ণগঞ্জের নির্বাচনে মুক্তিযুদ্ধের দুই সপক্ষ শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, জাতীয় নির্বাচনেও এই ধারা ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ নির্বাচনে যাতে মুক্তিযুদ্ধবিরোধীদের জেতার কোনো সুযোগ না থাকে। তিনি জামায়াত-শিবিরকে ‘ঘাতক বাহিনী’ আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ করার আহ্বান জানান। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ২০১৪ সালের নির্বাচনে জিততে হলে এখন থেকেই কাজ শুরু করতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সব শক্তিকে একত্রিত করতে হবে। সরকারের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে ভুল শুধরে দিতে হবে। । মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে বিন লাদেন ঢাকায় ধরা পড়ত। এ দেশকে তারা জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করত।আওয়ামী লীগের সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শের দল আওয়ামী লীগকে সামনে এগোতে হবে তাঁদের ছবি মানসপটে নিয়ে। ভুল করলেও সেখান থেকে শিক্ষা নিতে হবে।