প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রম করতে দলীয় নেতা-কর্মীদের প্র্রতি আহ্বান জানিয়েছেন। সরকারের উন্নয়ন কর্মসূচি জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে জয়ী হতে হবে।প্রধানমন্ত্রী গতকাল সোমবার বাহুবলে দুটি গুরুত্বপূর্ণ প্লান্ট উদ্বোধনের পর দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। শেখ হাসিনা আরও বলেন, তাঁর দল জনগণের সেবার মানসিকতা নিয়ে ক্ষমতায় এসেছে এবং তা কাজের মাধ্যমে প্রমাণ করেছে।শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে তাঁর দল নির্বাচিত হলে ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে সমুদ্রসীমা-সংক্রান্ত আইনি লড়াইয়ে জয়ী হতে প্রয়োজনীয় সব পদক্ষেপ ও প্রস্তুতি নেবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের পুরো শাসনামলে তাঁর দল দলীয় নেতা-কর্মীদের লাশ বহনে ব্যস্ত ছিল। কারণ সে সময় তাদের পরিকল্পনা ছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা।এ প্রসঙ্গে আওয়ামী লীগের নেত্রী শাহ এ এম এস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, আইভি রহমান হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বর্বরোচিত হামলার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশকে পুরোপুরি নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল। এ কারণে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্য হিসেবে কুখ্যাতি অর্জন করে।হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা মেসবাহ উদ্দিন সিরাজ, সাংসদ আবদুল মজিদ খান, বাহুবল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর ও বাহুবল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন চৌধুরী বক্তৃতা করেন।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়ন এবং তাদের অবাধ ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগে বিশ্বাস করে। জনগণের বিশেষ সাংবিধানিক অধিকার রক্ষায় সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের দৃঢ় সংকল্প ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।এর আগে প্রধানমন্ত্রী ৩৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুছাই এলাকায় স্থাপিত গ্যাসের উপজাতকরণ কম্প্রেশারের উদ্বোধন করেন। এ সময় তিনি পোশাকশিল্পে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। এ সময় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত, জ্বালনি উপদেষ্টা তৌফিক এলাহী প্রমুখ বক্তৃতা করেন।